আইপিএলের নতুন মৌসুমের শুরুতেই বেশ কিছু দল ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়ার তারকা পেসারদের অনুপস্থিতিতে। বিশেষ করে জশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক ও প্যাট কামিন্সের না থাকায় সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিগুলোর পরিকল্পনায় ব্যাঘাত ঘটেছে। একই সঙ্গে তাদের পারিশ্রমিক নিয়েও নানা প্রশ্ন উঠেছে।
এমন পরিস্থিতিতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মিচেল স্টার্ক। দিল্লি ক্যাপিটালসের এই বাঁহাতি পেসার জানিয়েছেন, কাঁধ ও কনুইয়ের চোটের কারণেই তিনি মৌসুমের শুরুতে খেলতে পারছেন না।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় স্টার্ক বলেন, তার চোটের বিষয়টি পুরোপুরি না জেনে কিছু ভারতীয় গণমাধ্যম ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে। তিনি অভিযোগ করেন, অনেকেই তার শারীরিক অবস্থা নিয়ে ভিত্তিহীন মন্তব্য করেছেন এবং সেগুলোকে সত্য হিসেবে উপস্থাপন করেছেন।
স্টার্ক আরও বলেন, তিনি বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন এবং যত দ্রুত সম্ভব মাঠে ফেরার চেষ্টা করছেন।
এদিকে আইপিএলে খেলতে না পারায় দিল্লি দলের কাছে দুঃখও প্রকাশ করেছেন এই অস্ট্রেলিয়ান পেসার। তিনি জানান, তার অনুপস্থিতি দলের জন্য সমস্যার সৃষ্টি করেছে এবং এজন্য সমর্থকদের কাছেও তিনি দুঃখিত। তবে দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং দ্রুত দলে যোগ দেওয়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।
অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুপস্থিতি নিয়ে সমালোচনার জবাব দিয়েছেন তার স্ত্রী অ্যালিসা হিলি। তিনি বলেন, চোটগ্রস্ত অবস্থায় খেলাটা সম্ভব নয় এবং পুরোপুরি সুস্থ থাকলে স্টার্ক অবশ্যই মাঠে নামতেন।

