দিল্লিতে সম্প্রতি অনুষ্ঠিত হানি সিংয়ের কনসার্টে ভিআইপি জোনকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটেছে। ভিডিও ফুটেজে দেখা গেছে, দু’পক্ষের মধ্যে রীতিমতো ধাক্কাধাক্কি এবং জল ছোড়াছোড়ি পর্যন্ত হয়েছে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত ছিল যে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। পুলিশ আসার পরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ঘটনার সূত্রপাত মূলত ভিআইপি জোনে প্রবেশ ও বসার জায়গাকে কেন্দ্র করে। কয়েকজন দর্শক স্টেজের কাছে চলে যাওয়ার চেষ্টা করায় আয়োজকরা তাদের আটকান। এসময় দুইপক্ষের মধ্যে তর্ক শুরু হয় এবং পরবর্তীতে হাতাহাতি ও জল ছোড়াছোড়ি শুরু হয়। উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
ঘটনার সময় মঞ্চে গান পরিবেশন করছিলেন হানি সিং। চোখের সামনে উত্তেজনা বেড়ে যাওয়ায় তিনি কিছুক্ষণের জন্য গান থামিয়ে দেন। পরিস্থিতি শান্ত হলে তিনি পুনরায় গান চালিয়ে যান এবং কনসার্ট শেষ করেন।
পুলিশ ও আয়োজকরা এই ঘটনার তদন্ত শুরু করেছেন এবং আগামীতে যাতে এমন পরিস্থিতি না ঘটে তার জন্য অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।

