দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাট এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তল্লাশি অভিযান পরিচালনা করেছে।
বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বারের নেতৃত্বে অভিযান চলাকালীন বাস, ট্রাক, সিএনজি ও মাইক্রোবাসসহ প্রায় দেড় শতাধিক যানবাহনে তল্লাশি চালানো হয়।
বিজিবি জানিয়েছে, অভিযানকালে যানবাহনগুলোতে কাগজপত্র পরীক্ষা, মাদক, আগ্নেয়াস্ত্র এবং নাশকতা সৃষ্টিতে ব্যবহার হতে পারে এমন উপকরণের সন্ধান করা হয়েছে। লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল এবং নাশকতা প্রতিরোধে মহাসড়কে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এছাড়া ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে ইউনিয়ন পর্যায়ে প্রতিটি কেন্দ্র পর্যবেক্ষণ করা হচ্ছে।
তিনি জানান, জেলা প্রশাসকের সহযোগিতায় বিজিবির এই তল্লাশি ও টহল কার্যক্রম নির্বাচনের দিন পর্যন্ত অব্যাহত থাকবে।

