দিনাজপুরে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শহীদদের প্রতি শ্রদ্ধার নিদর্শনস্বরূপ ফুলে ফুলে ছেয়ে দিয়েছে দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারসহ জেলার প্রতিটি শহীদ মিনার।
এছাড়া আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মহান ভাষা দিবস পালন করেছে জেলাবাসী।
শনিবার দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে পুষ্প অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। এ সময় জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
দিনাজপুর মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মকশেদ আলী মঙ্গলিয়ার নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, দিনাজপুর পৌরসভার প্রশাসক মোঃ রিয়াজ উদ্দিনের নেতৃত্বে পৌসভার কর্মকর্তা-কর্মচারিবৃন্দ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শনিবার সকালে জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. মোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি’র নেতৃত্বে জেলা বিএনপির নেতৃবৃন্দ, পৌর বিএনপি’র সভাপতি মোঃ জিয়াউর রহমান জিয়া ও সাধারণ সম্পাদক মহিউদ্দীন মন্ডল বকুলের নেতৃত্বে পৌর বিএনপি’র নেতৃবৃন্দ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপরে বিভিন্ন সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।
এদিকে, আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে কাহারোল উপজেলা শহীদ মিনারে এমপি আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। বিরলে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এমপি আলহাজ¦ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। চিরিরবন্দরের কেন্দ্রীয় শহিদ মিনারে রাত ১২টা ১ মিনিটে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন এমপি আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়া।

