আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একশ উইকেটের মাইলফলক ছুঁয়ে লাসিথ মালিঙ্গা ও সাকিব আল হাসানের কাতারে নাম লেখালেন ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার জেসন হোল্ডার।
টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে নতুন স্পেলে ফিরে নিজের দ্বিতীয় বলেই রিচি বেরিংটনকে ফিরিয়ে গুরুত্বপূর্ণ জুটি ভাঙেন হোল্ডার। সেই উইকেটেই পূর্ণ হয় তার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের শততম শিকার। ১৪তম ওভারে বেরিংটন আউট হয়ে ড্রেসিং রুমে ফেরেন।
ম্যাচে ৩ ওভারে ৩০ রান দিয়ে ৩ উইকেট নেন হোল্ডার। এর মাধ্যমে তিনি টেস্ট ও ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও একশ উইকেটের কীর্তি গড়েন। তিন সংস্করণেই একশ বা তার বেশি উইকেট নেওয়া বিশ্বের ষষ্ঠ বোলার তিনি।
এর আগে এই কীর্তি গড়েছেন লাসিথ মালিঙ্গা, টিম সাউদি, সাকিব আল হাসান, শাহিন শাহ আফ্রিদি ও জাসপ্রিত বুমরাহ।
প্রায় ১৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে হোল্ডার এখন পর্যন্ত ৬৯টি টেস্টে ১৬২ উইকেট, ১৩৮টি ওয়ানডেতে ১৫৯ উইকেট এবং ৮৯টি টি-টোয়েন্টি ম্যাচে ১০১ উইকেট শিকার করেছেন।

