চীনের নৌ ও বিমান বাহিনী দক্ষিণ চীন সাগরে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত যুদ্ধ প্রস্তুতি মহড়া চালিয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) দেশটির সাউদার্ন থিয়েটার কমান্ডের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলাে হয়েছে, দক্ষিণ চীন সাগরে অস্থিরতা তৈরি করতে ফিলিপাইন এই অঞ্চলের বাইরের দেশগুলোকে একত্রিত করে তথাকথিত ‘দ্বিপাক্ষিক বিমান টহল’ পরিচালনা করেছে। যা এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে ক্ষুণ্ন করছে।
এমন পরিস্থিতিতে সাউদার্ন থিয়েটার কমান্ডের বাহিনী উচ্চ সতর্কতায় থাকবে এবং দৃঢ়ভাবে চীনের আঞ্চলিক সার্বভৌমত্ব এবং সামুদ্রিক অধিকার ও স্বার্থ রক্ষা করবে। তবে মহড়ার বিষয়ে বেইজিংয়ে অবস্থিত ফিলিপাইনের দূতাবাস তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য করেনি।
উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরের এক গুরুত্বপূর্ণ বলয়ে অবস্থিত দক্ষিণ চীন সাগর। অর্থনীতি, কূটনীতি ও রাজনীতির দিক থেকে এই সাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীন দাবি করে, এই সাগরের ৯০ শতাংশ তাদের। যার আয়তন দাঁড়ায় ৩০ লাখ ৫০ হাজার বর্গকিলোমিটার।
এছাড়া ব্রুনাই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, তাইওয়ান ও ভিয়েতনাম ঘেঁষে রয়েছে দক্ষিণ চীন সাগর। সে সুবাদে এই সমুদ্রের প্রাপ্য মালিকানা তারাও দাবি করে। তাদের অভিযোগ, অনেক আগে থেকে এই সাগর নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করছে চীন।

