ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে ফিলিস্তিনিদের সমর্থনে আয়োজিত বিশাল ‘আল-কুদস দিবস’ র্যালির কাছে ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে জানা গেছে, আজ শুক্রবার আয়োজিত এই মিছিলে যখন হাজার হাজার মানুষ ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে সমবেত হয়েছিলেন, ঠিক তখনই এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে তাসনিমের পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীরা স্লোগান দেওয়ার সময় অদূরেই একটি বিস্ফোরণস্থল থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়ছে। এই হামলায় হতাহতের সংখ্যা বা ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। তবে হাজার হাজার মানুষের উপস্থিতিতে এমন জনাকীর্ণ এলাকায় বিস্ফোরণ ঘটায় শহরজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
উল্লেখ্য, প্রতি বছর রমজানের শেষ শুক্রবার ইরানজুড়ে আল-কুদস দিবস পালিত হয়, যেখানে ফিলিস্তিনি মুক্তি সংগ্রামের প্রতি সমর্থন জানানো হয়। বর্তমান উত্তপ্ত সামরিক পরিস্থিতির মধ্যে এই বিস্ফোরণ ইরানের নিরাপত্তাব্যবস্থার ওপর বড় ধরনের আঘাত হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: সিএনএন

