ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একটি ক্ষেপণাস্ত্র তেহরানের কেন্দ্রস্থলের এক সিনাগগে আঘাত হেনেছে। টেলিগ্রামে দেওয়া এক পোস্টে সংস্থাটি একটি ১২ সেকেন্ডের ভিডিও প্রকাশ করে। সেখানে কাজ করতে দেখা যায় উদ্ধারকর্মীদের। ক্ষতিগ্রস্ত বই এবং ধ্বংসস্তূপও দেখা গেছে সেখানে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। মানবাধিকার সংস্থা ‘মাইনরিটি রাইটস গ্রুপ’-এর তথ্য অনুযায়ী, ইরানে হাজার হাজার বছর ধরে ইহুদিরা বসবাস করে আসছে। বর্তমানে দেশটিতে প্রায় ২০ হাজার ইহুদি বাস করছেন।
এদিকে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ ইরানে বসবাসকারীদের আজ ট্রেনে ভ্রমণ না করার বিষয়ে সতর্কবার্তা দিয়েছে। সেনাবাহিনীর ফারসি ভাষার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় আইডিএফ ইরানের মানুষকে “নিজেদের নিরাপত্তার স্বার্থে” সারাদেশে “ইরান সময় রাত ৯টা পর্যন্ত” ট্রেন ব্যবহার ও ট্রেনে ভ্রমণ থেকে বিরত থাকতে বলেছে। তারা আরও জানিয়েছে, ট্রেনে এবং রেললাইনের আশপাশে অবস্থান করলে জীবন ঝুঁকির মধ্যে পড়বে।
এ সতর্কতা এমন সময় এলো, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, ইরানের শাসকগোষ্ঠী মঙ্গলবার হরমুজ প্রণালী দিয়ে মুক্ত চলাচলের অনুমতি না দিলে তিনি দেশটির বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাবেন। সূত্র: বিবিসি বাংলা, আল-জাজিরা

