বাগেরহাট শহরে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল না দেওয়াকে কেন্দ্র করে ফিলিং স্টেশনের দুই কর্মচারীকে মারধরের অভিযোগে পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সুমন পাইককে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার রাতে শহরের শহীদ মিনার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, বাগেরহাট শহরের খানজাহান আলী ফিলিং স্টেশনে তেল না পাওয়াকে কেন্দ্র করে সুমন পাইক ও তার সহযোগীরা পাম্পের দুই কর্মচারীর ওপর হামলা চালান। এতে ওই দুই কর্মচারী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য তেল সরবরাহ বন্ধ করে দেয় এবং পাম্পের সামনে নোটিশ টানিয়ে প্রতিবাদ জানায়।
বাগেরহাট সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) শহীদুল ইসলাম শেখ জানান, এ ঘটনায় ফিলিং স্টেশনের মালিক মর্শিদকুলি খান বাদী হয়ে সুমন পাইকসহ চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
তিনি আরও জানান, মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে সুমন পাইককে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

