ওয়াল স্ট্রিট জার্নালের এক চাঞ্চল্যকর প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানের সাথে চলমান যুদ্ধ থেকে দ্রুত সরে আসার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গোপনে পরামর্শ দিচ্ছেন তার ঘনিষ্ঠ উপদেষ্টাদের একটি অংশ। মূলত বিশ্ববাজারে তেলের আকাশচুম্বী দাম এবং অভ্যন্তরীণ রাজনৈতিক চাপের মুখে পড়েই উপদেষ্টারা এমন প্রস্তাব দিচ্ছেন বলে জানা গেছে।
ফ্লোরিডায় সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প নিজেও যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত দিয়ে দাবি করেছেন, মার্কিন বাহিনী ইতোমধ্যেই প্রত্যাশার চেয়ে বেশি সাফল্য অর্জন করেছে এবং অভিযানটি নির্ধারিত সময়ের চেয়ে বেশ এগিয়ে আছে। তবে প্রশাসনিক কর্মকর্তাদের একটি বড় অংশ মনে করছেন যে বর্তমান পরিস্থিতিতে তড়িঘড়ি করে নাম প্রত্যাহার করা বেশ জটিল হতে পারে। বিশেষ করে মার্কিন অবস্থানগুলোতে ইরানের ক্রমাগত পাল্টা হামলা এবং এই অঞ্চলে ইসরায়েলের সামরিক প্রস্তুতি ওয়াশিংটনের সরে আসার পথকে আরও কঠিন করে তুলেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ট্রাম্প ইরানকে হুঁশিয়ার করে রেখেছেন যাতে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথগুলোতে কোনো বাধা সৃষ্টি না করা হয়। পর্দার আড়ালে উপদেষ্টারা যুদ্ধ শেষের একটি সুস্পষ্ট কৌশল ঘোষণার জন্য ট্রাম্পকে চাপ দিচ্ছেন কারণ তেলের দাম প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়িয়ে যাওয়ায় আসন্ন নির্বাচনে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন রিপাবলিকান মিত্ররা।
জনমত জরিপেও দেখা গেছে যে অধিকাংশ মার্কিন নাগরিক এই যুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছেন। এদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট প্রশাসনের মধ্যে বিভক্তির কথা অস্বীকার করেছেন এবং এই প্রতিবেদনটিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তবে বিশ্ববাজারের অস্থিরতা এবং মুদ্রাস্ফীতির ঝুঁকি বাড়তে থাকায় এই যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে এখন চরম অনিশ্চয়তা কাজ করছে।
সূত্র: আল মায়াদিন

