তুরস্কের উদীয়মান তারকাকে ঘিরে অনিশ্চয়তা

0
তুরস্কের উদীয়মান তারকাকে ঘিরে অনিশ্চয়তা

জুভেন্টাসের অনুশীলনে কাফ মাসলে চোট পাওয়ায় তুরস্কের অ্যাটাকিং মিডফিল্ডার কেনান ইলদিজ সেরি আ মৌসুমের শেষ ম্যাচটি খেলতে পারবেন না। এতে আসন্ন বিশ্বকাপে তার অংশ নেওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

ইতালির ক্রীড়া সংবাদপত্র গাজেত্তা দেলো স্পোর্ট-এর মতে, ইলদিজ কাফ মাসলে সামান্য টান অনুভব করেছেন,পুরোপুরি ছিঁড়ে যায়নি। এই চোটের কারণে তোরিনোর বিপক্ষে জুভেন্টাসের শেষ সেরি আ ম্যাচটি খেলতে পারবেন না। জানা গেছে, এই উইঙ্গারের কাফ মাসলে সামান্য চিড় ধরেছে, যদিও তা পুরোপুরি ছিঁড়ে যায়নি, এবং তিনি প্রায় তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে পারেন।

বিশ্বকাপ শুরু হতে আর ঠিক তিন সপ্তাহ বাকি রয়েছে। আগামী ১৪ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে তুরস্ক তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। তাই ইলদিজকে তার ফিটনেস প্রমাণ করার জন্য সময়ের সঙ্গে লড়াই করতে হচ্ছে।

দেশটির কোচ ভিনসেঞ্জো মন্তেল্লার চূড়ান্ত ২৬ সদস্যের দলে তার অন্তর্ভুক্তি ব্যাপকভাবে প্রত্যাশিত। ইতালীয় কোচ এখন পর্যন্ত ৩৫ জন খেলোয়াড়ের নাম ঘোষণা করেছেন, তাই তাকে এখনও দল থেকে নয়জন খেলোয়াড় বাদ দিতে হবে। আরদা গুলারের পাশাপাশি ইলদিজকে তুরস্কের অন্যতম সেরা আশা হিসেবে দেখা হয়। বিশ্বকাপের গ্রুপ পর্বে তুরস্ক প্যারাগুয়ের বিপক্ষে ২০ জুন এবং স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২৬ জুন মাঠে নামবে।

মৌসুম শেষের দিকে এসেও কেনান ইলদিজ তুরিনে তার অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন। যার কারণে ইতালীয় লীগের মৌসুমের উদীয়মান তারকা হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছে।

রেগেনসবার্গে জন্মগ্রহণকারী এই ২১ বছর বয়সী ফুটবলার বায়ার্ন মিউনিখের যুব দল থেকে উঠে এসেছিলেন। কিন্তু চুক্তি নবায়নে সম্মত হতে না পারায় জুভেন্টাসের একাডেমিতে চলে যান। তিনি দ্রুতই নিজের ছাপ রাখেন এবং প্রথম দলে সুযোগ অর্জন করেন। তিনি এখন পর্যন্ত তুরস্কের হয়ে ২৮টি সিনিয়র ম্যাচ খেলেছেন এবং পাঁচটি গোল করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here