তামাকের ক্ষতিকর প্রভাব থেকে জনস্বাস্থ্য সুরক্ষায় ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আইনে পরিণত করার দাবি জানিয়েছে তামাকবিরোধী সংগঠনগুলো।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত ‘জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ সংসদের প্রথম অধিবেশনে আইনে রূপান্তর করার দাবি’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
বক্তারা বলেন, সংসদের প্রথম অধিবেশনে উপস্থাপনের ৩০ দিনের মধ্যে অধ্যাদেশটি পাস না হলে এর কার্যকারিতা হারাবে।
সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের তামাক নিয়ন্ত্রণ কর্মসূচির সমন্বয়ক ডা. অরুনা সরকার।
সভাপতির বক্তব্য রাখেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী।
ঢাকা আহছানিয়া মিশনের প্রোগ্রাম অফিসার খাদিজাতুল কুবরার উপস্থাপনায় সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা আহছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের উপ-পরিচালক মো. মোখলেছুর রহমান, ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পূয়র (ডরপ)-এর প্রোগ্রাম কো-অরডিনেটর জেবা আফরোজা, উবিনীগের প্রোজেক্ট কো-অরডিনেটর হাসানুল হাসিব আল গালিব, পিপিআরসির প্রতিনিধিসহ অন্যরা।

