ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মুগ্ধতা ছড়াচ্ছে নানা রঙের ফুল

0
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মুগ্ধতা ছড়াচ্ছে নানা রঙের ফুল

গাজীপুরের অক্সিজেনভান্ডার ভাওয়ালের শাল-গজারি বনের সবুজের বুক চিরে বয়ে গেছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। তীব্র গতিতে ছুটে চলা যানবাহনের চালক, যাত্রীদের নজর কেড়েছে সড়ক বিভাজকের মাঝখানে ফুলের অপরূপ দৃশ্যের। শুধু যাত্রী চালকরাই নন, আশপাশের এলাকার বিভিন্ন দর্শনার্থীরা আসছেন অপরূপ দৃশ্য দেখার জন। 

কেউ তুলছেন ছবি, কেউ ভিডিও করে ধারণ করছেন মোবাইল বা ক্যামেরায়। বাসের জানালা দিয়ে যাত্রীরা তুলছেন ছবি। দৃশ্যটি গাজীপুর সদর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়া এলাকায়।

সরেজমিনে দেখা গেছে, গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে সামনে কয়েক কিলোমিটার যাওয়ার পরই চোখে পড়ে মহাসড়কের দুই পাশে ভাওয়ালের শাল-গজারি বন। মহাসড়কের কয়েকটি অংশে বিভিন্ন কারখানার বর্জ্যে দুর্গন্ধে অতিষ্ঠ যাত্রী, চালকসহ সাধারণ মানুষ। এরই মাঝে সৌন্দর্য ছড়াচ্ছে ওই মহাসড়কের বিভাজকের মাঝে নানা রঙের ফুলের সমাহার। দেখলে মনে হবে চলাচলকারীদের যেন অভ্যর্থনা জানাচ্ছে লালচে গোলাপি ও সাদার সংমিশ্রণযুক্ত ফুলগুলো। কাছে যেতেই যে কারও ইচ্ছা করে একমুহূর্তের জন্য হলেও থমকে দাঁড়াতে। অনেকে আকৃষ্ট হয়ে গাড়ি থামিয়েই ফুলের সঙ্গে তুলছেন ছবি। যান্ত্রিক সভ্যতার যুগে ইট পাথর ঘেরা শহর ছেড়ে বেরিয়ে পড়লে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চোখে পড়বে ডিভাইডারের ওপর সবুজের সমারোহ ও তার সাথে বিভিন্ন ফুলের বর্ণিল ছটা। তা দেখে পরিবহন যাত্রীদের মন-প্রাণ দুই-ই জুড়িয়ে যায়। মহাসড়কে ভ্রমণ আনন্দদায়ক ও পরিবেশবান্ধব করতে ঋতুর সঙ্গে মিল রেখে এসব প্রজাতির গাছ এবং ঋতুভিত্তিক ফুলগাছ রোপণ করা হয়েছে। আর কিছু প্রজাতির গাছ বড় হয়ে যাওয়ায় তার ছায়ায় পথচারীরা বিশ্রাম নিয়ে থাকেন।

জানা গেছে, ব্যস্ততম ঢাকা-ময়মনসিংহ মহাসড়কটি চার লেনের সড়কের ডিভাইডারের উপর ফুলের বাগানে রয়েছে নীল কাঞ্চন, কামিনী, কৃষ্ণচূড়া, জোগা টগর, রাধাচূড়া, অগ্নিশ্বর, পলাশ, গৌরীচূড়া, কনক চূড়া, কনক চাঁপা, কদম, কাঠ বাদাম, জারুল, রক্ত করবী ও জাপানি চেরী গোত্রের ক্যাসিয়া রেনিজেরা। আজ থেকে তিন-চার বছর আগে পলাশ, জারুল, সোনালু, রাধাচূড়া, বাগানবিলাস, কদম, বকুল ও জবা ফুল ফুটে মুগ্ধ করে যাত্রীদের। গত বছর কিছু গাছে অল্প কিছু জাপানি ক্যাসিয়া রেনিজেরা ফুটেছিল। এবার শীত বিদায় নেওয়ার পর ওই তিন প্রজাতির ক্যাসিয়া রেনিজেরা ফুটতে শুরু করে।

গাজীপুরের সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মুহাম্মদ তারিক হাসান বলেন, মহাসড়ক দৃষ্টিনন্দন করতে এখানে বিভিন্ন প্রজাতির কয়েক হাজার চারা রোপণ করা হয়। ২-৫ মিটার প্রস্থের স্থানে ৩টি সারিতে এবং ১-২ মিটার প্রস্থের স্থানে ১টি সারিতে চারা রোপণ করা হয়েছে। সৌন্দর্য বর্ধনে এগুলোর পরিচর্যাও করা হয়। ইতিমধ্যে মহাসড়কের বিভিন্ন এলাকায় গাছগুলো যাত্রীদের নজর কাড়ছে। গাছগুলো পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপকভাবে অবদান রাখবে। যানবাহন চলাচলেও চালকরা অন্যরকম এক অনুভূতি পাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here