ডিফেন্ডারদের গোলে চেলসিকে হারাল আর্সেনাল

0
ডিফেন্ডারদের গোলে চেলসিকে হারাল আর্সেনাল

আক্রমণভাগ ও মাঝমাঠের খেলোয়াড়রা ফিনিশিংয়ে সুবিধা করতে না পারলেও দলের প্রয়োজনের মুহূর্তে এগিয়ে এলেন দুই ডিফেন্ডার। উইলিয়াম সালিবা ও ইউরিয়েন টিম্বারের গোলে লন্ডন ডার্বিতে চেলসিকে ২-১ ব্যবধানে হারিয়েছে আর্সেনাল।

রবিবার এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ইংলিশ প্রিমিয়ার লিগ ম্যাচে বেশ কিছু সময় ১০ জন নিয়ে খেলেও লড়াই করেছে চেলসি। তবে শেষ পর্যন্ত স্বাগতিকদের কাছে হার মানতে হয় তাদের।

গত নভেম্বরে স্ট্যামফোর্ড ব্রিজে প্রথম দেখায় ১-১ গোলে ড্র করেছিল দুই দল। এবার আর ভুল করেনি মিকেল আর্তেতার শিষ্যরা।

২১তম মিনিটে কর্নার থেকে এগিয়ে যায় আর্সেনাল। গ্যাব্রিয়েল মাগালিয়াইসের হেড পাস থেকে সালিবার হেড চেলসির ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়ায়। চলতি মৌসুমে কর্নার থেকে এটি আর্সেনালের নবম গোল।

তবে প্রথমার্ধের যোগ করা সময়ে আত্মঘাতী গোলে সমতায় ফেরে চেলসি। কর্নার থেকে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়ান আর্সেনালের এক ডিফেন্ডার। এর আগে নিশ্চিত গোল থেকে দলকে বাঁচান গোলরক্ষক দাভিদ রায়া।

দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁপিয়ে পড়ে চেলসি। কিন্তু ৬৬তম মিনিটে আবারও সেট-পিস থেকে গোল পায় আর্সেনাল। ডেক্লান রাইসের কর্নার থেকে হেডে জয়সূচক গোলটি করেন টিম্বার।

এরপর তিন মিনিটের ব্যবধানে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন চেলসির পর্তুগিজ উইঙ্গার পেদ্রো নেতো। ১০ জন নিয়ে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেলেও সমতা ফেরাতে পারেনি ব্লুজরা। যোগ করা সময়ে আলেহান্দ্রো গার্নাচোর শট অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন রায়া।

এই জয়ে ২৯ ম্যাচে ১৯ জয় ও ৭ ড্রয়ে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্সেনাল। এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি ৫৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে।

অন্যদিকে, টানা দুই ড্রয়ের পর হেরে যাওয়া চেলসি ২৮ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে রয়েছে ষষ্ঠ স্থানে। তাদের চেয়ে তিন পয়েন্ট বেশি নিয়ে পঞ্চম স্থানে আছে লিভারপুল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here