ডিএমটিসিএলের এমডি ফারুক আহমেদের নিয়োগ বাতিল

0
ডিএমটিসিএলের এমডি ফারুক আহমেদের নিয়োগ বাতিল

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী ফারুক আহমেদের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। আজ সোমবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সহকারী সচিব মো. দেলোয়ার হোসেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।’ 

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। তবে ঠিক কী কারণে বা কোন প্রেক্ষাপটে এই নিয়োগ বাতিল করা হয়েছে, সে বিষয়ে প্রজ্ঞাপনে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এর আগে অন্তর্বর্তী সরকারের আমলে ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি ডিএমটিসিএলের এমডি হিসেবে নিয়োগ পান ফারুক আহমেদ। তাকে তিন বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। তখন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ জানিয়েছিল, মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বপ্রাপ্ত সরকারি এই প্রতিষ্ঠানে প্রথমবার কোনো পেশাদার প্রকৌশলী ও আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিকে এমডি হিসেবে নিয়োগ দেওয়া হলো। এর আগে এ পদে সাধারণত প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হতো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here