ডাচ জাদুঘর থেকে চুরি হওয়া স্বর্ণের হেলমেট ফিরল রোমানিয়ায়

0
ডাচ জাদুঘর থেকে চুরি হওয়া স্বর্ণের হেলমেট ফিরল রোমানিয়ায়

প্রায় ২ হাজার ৫০০ বছর পুরোনো রোমানিয়ায় অমূল্য স্বর্ণের একটি হেলমেট ও তিনটি স্বর্ণের ব্রেসলেট নেদারল্যান্ডসের ড্রেন্টস মিউজিয়াম থেকে চুরি হয়। এরপর দীর্ঘ ১৪ মাসের তদন্ত, কূটনৈতিক টানাপোড়েনের পর হেলমেট ও দুটি ব্রেসলেট উদ্ধার করা সম্ভব হয়।

দীর্ঘ ১৪ মাস পর জিনিসগুলো আবার রোমানিয়ায় ফিরেছে। গত মঙ্গলবার নেদারল্যান্ডস থেকে উদ্ধার হওয়া এই ঐতিহাসিক নিদর্শনটি বুখারেস্টের হেনরি কোয়ান্ডা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। 

রোমানিয়া থেকে এগুলো ধার নিয়ে সেখানে প্রদর্শন করা হচ্ছিল। চুরি হওয়া নিদর্শনগুলোর মধ্যে ছিল কোটোফেনেস্টি স্বর্ণের হেলমেট এবং তিনটি স্বর্ণের ব্রেসলেট। জিনিসগুলো প্রাচীন ডাস সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ জাতীয় ঐতিহ্য।

চুরির ঘটনায় বিশ্বজুড়ে শিল্প ও ঐতিহ্যবিষয়ক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং রোমানিয়ায় গভীর শোক ও উদ্বেগ দেখা দেয়।

উদ্ধার হওয়া নিদর্শনগুলো মঙ্গলবার কড়া নিরাপত্তায় বুখারেস্টের জাতীয় ইতিহাস জাদুঘরে নেওয়া হয়। সেখানে মুখোশধারী সশস্ত্র পাহারার মধ্যে কাচের কেবিনেটে সেগুলো প্রদর্শন করা হয়।

জাদুঘরের ভারপ্রাপ্ত পরিচালক কর্নেল কনস্টান্টিন ইলি বলেন, এই নিদর্শনগুলো কেবল মূল্যবান বস্তু নয়—এগুলো রোমানিয়ার ঐতিহাসিক স্মৃতি ও পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। তিনি জানান, দীর্ঘদিন ধরে এই ঐতিহ্য চিরতরে হারিয়ে যাওয়ার শঙ্কা ছিল, যা এখন কাটিয়ে ওঠা গেছে।

ড্রেন্টস মিউজিয়ামের পরিচালক রবার্ট ভ্যান লাংহ উদ্ধার প্রক্রিয়াকে আবেগঘন মুহূর্ত বলে বর্ণনা করেন। তিনি বলেন, দুই দেশের পুলিশ ও বিচারিক কর্তৃপক্ষ অসাধারণ নিষ্ঠা ও সমন্বয়ের মাধ্যমে এই সাফল্য অর্জন করেছে।

উদ্ধার হওয়া হেলমেটটি সামান্য চাপা দাগযুক্ত, তবে দুটি ব্রেসলেট সম্পূর্ণ অক্ষত রয়েছে। তৃতীয় ব্রেসলেটটি এখনো নিখোঁজ, আর সেটি উদ্ধারের চেষ্টা চলমান।

চুরির সময় নিরাপত্তা ফুটেজে দেখা যায়, তিন ব্যক্তি শাবল দিয়ে জাদুঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকেন এবং একটি বিস্ফোরণ ঘটান। এ কারণে একসময় আশঙ্কা করা হয়েছিল, বিখ্যাত এই হেলমেটটি গলিয়ে ফেলা হতে পারে। এ ঘটনায় তিনজন সন্দেহভাজনের বিরুদ্ধে মামলার বিচার এখনো চলমান।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিদর্শনগুলো কিছু সময় জনসাধারণের জন্য প্রদর্শনের পর সংরক্ষণ ও হালকা সংস্কারের কাজ শুরু করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here