নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতি হওয়া ড্রাম ভর্তি তেলের ট্রাক উদ্ধার করেছে পুলিশ। এসময় ডাকাতদের ব্যবহৃত ধারালো অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ডাকাতরা হলেন- কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের শামসুদ্দিনের ছেলে সেকান্দর (৪০) ও নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গাজীপুরা গ্রামের মৃত জ্ঞানেন্দ্র চন্দ্র শীলের ছেলে রণ চন্দ্র শীল (৩০)।
রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে তারাবো এলাকার শবনম ওয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানা থেকে ৬০ ড্রাম তেল ট্রাকে করে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার দেওখোলা এলাকার মমতাজ ট্রেডার্সের উদ্দেশ্যে রওনা হন ট্রাকচালক বাবুল মিয়া। বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার বানিয়াদী এলাকার এলায়েট মিলস সংলগ্ন পাকা রাস্তার উপর ৮/১০ জন ডাকাত দলের সদস্যরা দেশীয় অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে একটি তেলের ড্রাম ভর্তি ট্রাক ডাকাতি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ ঘটনার সংবাদ পেয়ে এসআই নাজিম উদ্দিন এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা শুরু করেন।
তিনি আরও জানান, ঘটনার একঘন্টা পর এলায়েট মিলস সংলগ্ন পাকা রাস্তার উপর থেকে সেকান্দার ও রণচন্দ্রশীল নামের দুই ডাকাতকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে এবং তেলের ড্রাম ভর্তি ট্রাক উদ্ধার করে। এসময় ডাকাত দলের অন্যান্য সদস্যরা কৌশলে দৌড়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি হায়েস গাড়ি, দেশীয় অস্ত্র, ১টি খেলনা ওয়াকিটকি এবং লুন্ঠিত একটি তেলের ড্রাম ভর্তি ট্রাক পুলিশের হেফাজতে নেওয়া হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক ডাকাতদের গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে।

