ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের হাতে সোহাগ আলী (২৫) নামে এক বাংলাদেশি যুবক আটক হয়েছেন।
মঙ্গলবার রাতে মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ।
এর আগে সোমবার ভোর রাত সাড়ে ৪টার দিকে সীমান্তের মেইন পিলার ১৬১/১ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সোহাগ আলী ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের কড়ুয়া ফতেহপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, সোহাগ আলী ভারতে শ্রমিক হিসেবে কাজ করতেন। কাজ শেষে ভোর রাতে হরিপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে ফেরার সময় ভারতের অভ্যন্তরে খোচাবাড়ী ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

