গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য জোট।
রবিবার (১২ এপ্রিল) বিকেলে শহরের বাসস্ট্যান্ড চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন জোটের নেতাকর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
পরে সেখানে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, জেলা জামায়াতের সেক্রেটারি ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর, বাংলাদেশ খেলাফত মজলিস ঠাকুরগাঁও জেলার সাধারণ সম্পাদক এম. ইসমাঈল বিন হায়দারসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা অবিলম্বে গণভোটের রায় মেনে নেওয়ার দাবি জানান। দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির মাধ্যমে রাজপথে ফয়সালা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

