ট্রাম্পের ‘প্রতিশোধ’, ব্যাড বানির পারফরম্যান্সকে ‘সর্বকালের অন্যতম নিকৃষ্ট’ আখ্যা

0
ট্রাম্পের ‘প্রতিশোধ’, ব্যাড বানির পারফরম্যান্সকে ‘সর্বকালের অন্যতম নিকৃষ্ট’ আখ্যা

সুপার বোলের জমকালো হাফটাইম শো-তে পুয়ের্তো রিকান র‍্যাপার ব্যাড বানির পারফরম্যান্স নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প এই শোটিকে ‘আমেরিকার গালে চপেটাঘাত’ হিসেবে অভিহিত করে দাবি করেছেন যে, এই র‍্যাপার কী বলছিলেন তা ‘কেউ একশব্দও বুঝতে পারেনি’।

সুপার বোল সরাসরি গ্যালারিতে বসে না দেখে ফ্লোরিডায় একটি ‘ওয়াচ পার্টি’তে অংশ নিয়েছিলেন ট্রাম্প। সেখান থেকেই নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ তিনি লেখেন, সুপার বোল হাফটাইম শো একেবারে ভয়াবহ, এটি সর্বকালের অন্যতম নিকৃষ্ট! এর কোনো মানে হয় না, এটি আমেরিকার মহত্ত্বের জন্য এক অবমাননা এবং আমাদের সাফল্য, সৃজনশীলতা বা শ্রেষ্ঠত্বের মানদণ্ডকে প্রতিফলিত করে না।

স্প্যানিশ ভাষায় গান গাওয়া ব্যাড বানির (প্রকৃত নাম বেনিটো আন্তোনিও মার্টিনেজ ওকাসিও) পারফরম্যান্স চলাকালীন লেডি গাগা এবং রিকি মার্টিনের মতো বড় তারকারাও মঞ্চে উপস্থিত ছিলেন। তবে ট্রাম্প তার পোস্টে নাচ এবং ভাষা—উভয় নিয়েই কড়া সমালোচনা করেন। ট্রাম্প বলেন, ‘এই লোক কী বলছে কেউ তার একটা শব্দও বোঝে না।’ তিনি নাচগুলোকে ‘ঘৃণ্য’ বলে বর্ণনা করে জানান যে, শিশু দর্শকদের জন্য এটি মোটেও উপযুক্ত ছিল না।

মঞ্চে পারফরম্যান্সের সময় ব্যাড বানি একটি ঐক্যবদ্ধ আমেরিকার বার্তা দেওয়ার চেষ্টা করেন। তিনি ‘গড ব্লেস আমেরিকা’র পরিধি বাড়িয়ে চিলি থেকে কানাডা পর্যন্ত উত্তর ও দক্ষিণ আমেরিকার ২০টিরও বেশি দেশের নাম তালিকাভুক্ত করেন। এ সময় মার্কিন পতাকার পাশে পুয়ের্তো রিকোর (মার্কিন অঞ্চল) পতাকাও প্রদর্শিত হয়। তার হাতে থাকা একটি ফুটবলে লেখা ছিল, ‘টুগেদার উই আর আমেরিকা’ (একসঙ্গেই আমরা আমেরিকা)।

ব্যাড বানি এবং ট্রাম্পের মধ্যকার বিরোধ নতুন কিছু নয়। গত সপ্তাহেই গ্র্যামি অ্যাওয়ার্ডসে প্রথম স্প্যানিশ অ্যালবাম হিসেবে ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ জিতে ইতিহাস গড়েছিলেন ব্যাড বানি। পুরস্কার গ্রহণের সময় ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির কড়া সমালোচনা করে তিনি বলেছিলেন, ‘আমরা বন্য নই, আমরা পশু নই… আমরা মানুষ এবং আমরাও আমেরিকান।’

ব্যাড বানিকে হাফটাইম শো-র জন্য নির্বাচন করার পর থেকেই রক্ষণশীল মহলে অসন্তোষ ছিল। প্রতিবাদ হিসেবে রক্ষণশীল সংস্থা ‘টার্নিং পয়েন্ট ইউএসএ’ কিড রক এবং অন্যান্য ট্রাম্পপন্থী শিল্পীদের নিয়ে একটি বিকল্প অনুষ্ঠানের আয়োজন করে, যার নাম দেওয়া হয়েছিল ‘দ্য অল-আমেরিকান হাফটাইম শো’।

তবে ট্রাম্পের সমালোচনা সত্ত্বেও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাড বানির ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা গেছে। ক্যালিফোর্নিয়া থেকে পুয়ের্তো রিকো—সবখানেই তার শৈল্পিক উপস্থাপনা এবং সারপ্রাইজ গেস্টদের উপস্থিতি নিয়ে ইতিবাচক আলোচনা চলছে।

সূত্র: সিএনএন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here