টি-টোয়েন্টি ইতিহাসে ডাক কিং শানাকা

0
টি-টোয়েন্টি ইতিহাসে ডাক কিং শানাকা

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডে এককভাবে শীর্ষে উঠে গেলেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে শূন্য রানে আউট হয়ে ‘সবচেয়ে বেশি ডাক’ এর তালিকায় সবাইকে ছাড়িয়ে গেছেন তিনি।

রবিবার কলম্বোয় অনুষ্ঠিত ম্যাচে সাত নম্বরে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই ব্যর্থ হন শানাকা। ব্যারি ম্যাককার্থির করা একটি উঁচু ফুলটস ডেলিভারিতে ঠিকমতো টাইমিং করতে না পারায় বল উঠে যায় শর্ট থার্ডম্যানের হাতে। ফলে কোনো রান যোগ না করেই মাঠ ছাড়তে হয় লঙ্কান অধিনায়ককে।

এই আউটের মধ্য দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শানাকার শূন্য রানে আউটের সংখ্যা দাঁড়াল ১৬তে। ১২৫ ম্যাচে এই তিক্ত অভিজ্ঞতা নিয়ে তিনি এতদিন যৌথভাবে শীর্ষে ছিলেন রুয়ান্ডার জাপি বিমেনইয়ামানার সঙ্গে। বিমেনইয়ামানা ১০০ ম্যাচে ১৫ বার শূন্য রানে আউট হয়েছিলেন। এবার তাকে ছাড়িয়ে এককভাবে লজ্জার এই রেকর্ড নিজের করে নিলেন শানাকা।

এই তালিকার তৃতীয় স্থানে আছেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং। ১৬২ ম্যাচে তিনি ১৪ বার শূন্য রানে আউট হয়েছেন। এছাড়া ১৩ বার করে শূন্য রানে আউট হওয়া চার ক্রিকেটারের একজন বাংলাদেশের সৌম্য সরকার।

শানাকার ব্যর্থতার দিনেও অবশ্য ব্যাট হাতে লড়াই করেছে শ্রীলঙ্কা। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে দলটি সংগ্রহ করে ১৬৩ রান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here