অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন। ১১ হাজার রানের ক্লাবে নাম লিখিয়ে ক্যারিয়ারে অনন্য উচ্চতায় পৌঁছেছেন এই বিধ্বংসী ব্যাটার।
এবারের আইপিএলে না খেললেও পাকিস্তান সুপার লিগে হায়দরাবাদ কিংসম্যানের হয়ে মাঠে নামছেন ম্যাক্সওয়েল। ব্যাট হাতে বড় কোনো ইনিংস না খেললেও ধারাবাহিক পারফরম্যান্সে এই অর্জন ছুঁয়েছেন তিনি।
ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে ৯ বলে ২১ রানের অপরাজিত ইনিংস খেলেন ম্যাক্সওয়েল। ওই ম্যাচেই তিনি ১১ হাজার রানের মাইলফলক অতিক্রম করেন। তার দল ম্যাচটি ৬ উইকেটে জিতে নেয়।
টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৫০৫ ম্যাচে ম্যাক্সওয়েলের মোট রান এখন ১১ হাজার ৯। অস্ট্রেলিয়ার হয়ে এই কীর্তি গড়ার দিক দিয়ে তিনি তৃতীয়, তার আগে রয়েছেন ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ।
বিশ্ব টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় বর্তমানে ম্যাক্সওয়েল ১৬তম স্থানে রয়েছেন। তালিকার শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ক্রিস গেইল, তার সংগ্রহ ১৪ হাজারের বেশি রান।

