টাঙ্গাইলে অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় এক নারীসহ পরোয়ানাভুক্ত আট আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৯ জানুয়ারি) জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল থেকে আজ ভোর পর্যন্ত জেলার ছয়টি থানায় একযোগে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আসামিরা হলেন, মেহেরীর খাদিজা লতা, বঙ্কিম কুমার চৌধুরী, মিরাজ ইসলাম শুভ, জুয়েল, মিজানুর রহমান, নাছির উদ্দিন, খাইরুল ইসলাম তালহা এবং আরিফ।
তারা সখিপুর, ঘাটাইল, মির্জাপুর, বাসাইল, গোপালপুর এবং মধুপুর থানার বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার জানান, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। অভিযানের বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতার করা হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

