রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে শনিবার বিকেলে টলিউডে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। টেকনিশিয়ান স্টুডিও থেকে শুরু হওয়া এই মিছিলে অংশ নিয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, অরিন্দম শীল, জুন মালিয়া, অনির্বাণ চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, গৌরব-ঋদ্ধিমা চক্রবর্তীসহ অন্যান্য অভিনেতা-অভিনেত্রী ও গায়িকা লগ্নজিতা চক্রবর্তী। মিছেলের স্লোগান ছিল একটাই ‘জাস্টিস ফর রাহুল’।
রাহুলের মৃত্যুর পাঁচ দিন পেরিয়ে গেলেও মৃত্যুর পেছনের রহস্য এখনও অব্যাহত। টলিউড শিল্পীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। কেন রাহুলকে সময়মতো সাহায্য করা যায়নি? প্রোডাকশন হাউসের নিরাপত্তা ব্যবস্থা কি পর্যাপ্ত ছিল? হাসপাতালে পৌঁছাতে ২০ মিনিট দূরত্বে এক ঘণ্টা সময় কেন লেগেছে, এই প্রশ্নগুলো এখনও অব্যাহত। পরিচালক অরিন্দম শীল বলেন, প্রযোজনা সংস্থার অতিরিক্ত ঔদ্ধত্যের কারণে আজ এই পরিণতি। এর শেষ হওয়া দরকার।
একই সঙ্গে অভিনেতা-অভিনেত্রীদের একাংশ ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া-এর বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলেছেন। অভিনেত্রী পাপিয়া অধিকারী বলেন, ফেডারেশনের সঙ্গে অভিযুক্ত প্রযোজনা সংস্থার অদ্ভুত এক আঁতাত রয়েছে, যা বন্ধ হওয়া দরকার।
প্রযোজক সংস্থা কর্তৃপক্ষও রাহুলের মৃত্যু নিয়ে মুখ খুলেছে এবং তদন্তের স্বার্থে মহিলা কমিশনের পদ ছাড়তে রাজি হয়েছেন।
মিছিলটি টালিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিও থেকে রাধা স্টুডিও পর্যন্ত অনুষ্ঠিত হয়, যেখানে টলিউডের নবীন ও অভিজ্ঞ প্রজন্মের শিল্পীরা একযোগে অংশ নেন, এবং রাহুল বন্দ্যোপাধ্যায়ের ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

