ঝিনাইদহে আগাম সজনে ডাটা চড়া দামে বিক্রি

0
ঝিনাইদহে আগাম সজনে ডাটা চড়া দামে বিক্রি

ঝিনাইদহে আগাম সবজি হিসেবে বাজারে উঠতে শুরু করেছে সজনের ডাটা। কিন্তু দাম আকাশছোঁয়া। বিক্রি হচ্ছে রেকর্ড দামে। কৃষকরা প্রতিকেজি ৬০০-৭০০ টাকা দাম পেলেও খুচরা বিক্রি হচ্ছে ৭৫০ টাকা দরে।

বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রায় সব দোকানেই সজনের ডাটা মিলছে। তবে দামে তেমন কোনো পার্থক্য নেই। কচি ডাটার চাহিদা বেশি থাকায় দামও বেশি বলে জানান তারা।

ক্রেতারা বলছেন, সজনের ডাটা এ অঞ্চলে জনপ্রিয় একটি সবজি। কিন্তু বর্তমান দামে তা অনেকের নাগালের বাইরে চলে গেছে। উচ্চবিত্তরা কিনতে পারলেও নিম্ন ও মধ্য আয়ের মানুষকে হিসাব করে চলতে হচ্ছে।

সবজি ব্যবসায়ীরা জানান, সজনে আগাম সবজি হিসেবে বাজারে উঠেছে। এখনো পুরোপুরি মৌসুম শুরু হয়নি। ফলে কৃষকদের কাছ থেকে তুলনামূলক বেশি দামে কিনতে হচ্ছে। পাশাপাশি মাহে রমজান চলায় চাহিদা বেড়েছে। গত কয়েক বছরের তুলনায় এবার দাম কিছুটা বেশি। তবে সরবরাহ বাড়লে দুই থেকে তিন সপ্তাহের মধ্যে দাম কমে আসতে পারে বলে আশা তাদের।

ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ কামরুজ্জামান বলেন, জেলায় এখন বাণিজ্যিকভাবে সজনের চাষ হচ্ছে। আগে গ্রামাঞ্চলের প্রায় প্রতিটি বাড়িতে গাছ থাকলেও তখন এর চাহিদা কম ছিল। এখন পুষ্টিগুণ ও ঔষধিগুণ সম্পর্কে সচেতনতা বেড়েছে। ফলে চাহিদাও বেড়েছে। বাজারে কচি ডাটা ওঠায় দাম বেশি। ডাটা পরিপক্ব হলে এবং সরবরাহ বাড়লে দাম কমবে বলে তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here