বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকায় সংবর্ধনা সভায় ঝালকাঠি থেকে প্রায় ২০ হাজার নেতাকর্মী যোগ দিচ্ছেন। জেলা বিএনপি ও মনোনীত প্রার্থীদের উদ্যোগে নেতাকর্মীদের নিয়ে, আগামীকাল বুধবার সন্ধ্যায় ঝালকাঠি থেকে ঢাকার উদ্দেশ্যে তিনটি বড় যাত্রীবাহী লঞ্চ ছেড়ে যাবে।
এর আগে ২১ ডিসেম্বর থেকেই অনেকে নিজ নিজ উদ্যোগে ঢাকায় যাত্রা শুরু করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
দলীয় সূত্রে জানা গেছে, ঝালকাঠি সদর লঞ্চঘাট, কাঠালিয়া, রাজাপুর, নলছিটি ও দপদপিয়াসহ বিভিন্ন স্টেশন থেকে নেতাকর্মীরা লঞ্চযোগে ঢাকার উদ্দেশে রওনা হবেন। এছাড়া সড়ক পথে ঝালকাঠি বাসস্ট্যান্ড, কাঁঠালিয়া, রাজাপুর ও নলছিটি থেকে বাসে করে অসংখ্য নেতাকর্মীরা ঢাকায় যাচ্ছেন।
দলের নেতারা জানিয়েছেন, সদরঘাট এলাকায় যানজটের আশঙ্কা থাকায় আগে থেকেই বাস ও লঞ্চে অনেক নেতাকর্মী আগেভাগেই ঢাকায় পৌঁছে আত্মীয়-স্বজনের বাসা কিংবা হোটেলে অবস্থান নিচ্ছেন।
ঝালকাঠি-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালের উদ্যোগে অগ্রদূত প্লাস নামের একটি লঞ্চ রাজাপুর ও কাঠালিয়া এলাকার নেতাকর্মীদের নিয়ে যাত্রা করবে।
ঝালকাঠি-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা এলেন ভুট্টোর নেতৃত্বে আরেকটি লঞ্চ ঝালকাঠি লঞ্চঘাট থেকে নলছিটি ও দপদপিয়া হয়ে ঢাকার পথে যাত্রা করবে। একই রুটে ঝালকাঠি জেলা বিএনপির উদ্যোগেও নেতাকর্মীদের জন্য পৃথকভাবে আরও একটি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছাড়বে।
ঝালকাঠি জেলা বিএনপির উদ্যোগে সুন্দরবন নেভিগেশন কোম্পানি লিমিটেডের সুন্দরবন-১২ লঞ্চটি ভাড়া করা হয়েছে বলে জানান জেলা বিএনপির সদস্য (দপ্তরের দায়িত্বে) মিজানুর রহমান মুবিন।
নিজাম শিপিং লাইন্স এর প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ‘আমাদের অ্যাডভেনচার- ৯ যাত্রীবাহী জাহাজটি ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ভাড়া করেছেন। ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর মুখপাত্র অ্যাডভোকেট নাজমুল হক লাবলু বলেন, নারী নেতাকর্মীদের জন্য লঞ্চে আলাদা কেবিনের ব্যবস্থা করা হয়েছে।
ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন বলেন, ‘তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। ঝালকাঠি জেলা থেকে প্রায় ২০ হাজার নেতাকর্মী ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। লঞ্চসহ বিভিন্ন মাধ্যমে নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে ঢাকায় পৌঁছানোর চেষ্টা করছি।’

