ঝালকাঠি সদর উপজেলার বৈদারাপুর এলাকায় এক মানসিক ভারসাম্যহীন ও মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে নিজ মাকে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার দুপুরে নিজ বসতঘরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়দের মতে, মো. সাগর নামের ওই যুবক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং মা শেফালী বেগমের (৬২) সঙ্গে বসবাস করতেন। দুপুরে প্রতিদিনের মতো খাবার খেতে না যাওয়ায় প্রতিবেশীরা খোঁজ নিতে গিয়ে ঘরের ভেতরে তাকে দা হাতে দাঁড়িয়ে থাকতে দেখেন। পরে এলাকাবাসী জড়ো হলে তিনি পালিয়ে যান। ঘরে ঢুকে তার মাকে খাটের ওপর নিথর অবস্থায় পাওয়া যায়। অভিযুক্ত সাগর স্থানীয় বাসিন্দা আহম্মদ আলীর ছেলে।
ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) বেলায়েত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছেলে শ্বাসরোধ করে মাকে হত্যা করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

