জ্বালানি সাশ্রয় নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর নির্দেশনার পর সোমবার (৯ মার্চ) থেকে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
রবিবার (৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক বিশেষ নির্দেশনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। নির্দেশনায় জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয়ের মহৎ উদ্দেশ্যে এবং পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতরের ছুটি সমন্বয় করে আজ থেকে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, পরীক্ষা এবং প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে নির্ধারিত ঈদুল ফিতরের ছুটি শেষ না হওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। এই সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ, ইনস্টিটিউট এবং দাপ্তরিক অফিসসমূহ বন্ধ থাকবে। তবে জরুরি সেবাসমূহ এই ছুটির আওতামুক্ত থাকবে। বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে এই নির্দেশনা অনুসরণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

