জোকোভিচকে হারিয়ে ইতিহাস আলকারাজের

0
জোকোভিচকে হারিয়ে ইতিহাস আলকারাজের

অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ২৪ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী টেনিস তারকা নোভাক জোকোভিচকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন কার্লোস আলাকারাজ। চার সেটের মধ্যে তিনটিতেই জিতে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতলেন তিনি।

এই জয়ের মাধ্যমে মাত্র ২২ বছর বয়সেই ক্যারিয়ার গ্র্যান্ডস্ল্যাম সম্পন্ন করে ইতিহাসে নাম লেখালেন তিনি। আলাকারাজ ভেঙে দিয়েছেন স্বদেশী রাফায়েল নাদালের রেকর্ডটি। এর আগে ২৪ বছর বয়সে ক্যারিয়ারে প্রথম গ্র্যান্ড স্লাম জিতেছিলেন নাদাল।

এদিন ফাইনালের শুরুতে অভিজ্ঞতার ঝলক দেখান জোকোভিচ। প্রথম সেটে নিখুঁত কোর্ট কাভারেজ ও কৌশলী শটে তরুণ আলকারাজকে চাপে রেখে ৬-২ গেমে সেটটি নিজের করে নেন ৩৮ বছর বয়সী সার্বিয়ান তারকা। তবে দ্বিতীয় সেট থেকেই ম্যাচের মোড় ঘুরে যেতে শুরু করে। আত্মবিশ্বাস ফিরে পান আলকারাজ, বেসলাইন থেকে আগ্রাসী শটে ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেন তিনি।

দ্বিতীয় সেটে ৬-২ গেমে জিতে সমতায় ফেরেন আলকারাজ। তৃতীয় সেটে জোকোভিচের অপ্রত্যাশিত ভুল বাড়তে থাকে। সেই সুযোগ পুরোপুরি কাজে লাগান স্প্যানিশ তারকা। দীর্ঘ র‍্যালিতে শক্তি, গতি ও ধৈর্যের মিশেলে প্রতিপক্ষকে ক্লান্ত করে ৬-৩ গেমে তৃতীয় সেটও জিতে নেন তিনি।

চতুর্থ সেটে জমে ওঠে হাড্ডাহাড্ডি লড়াই। একাধিকবার ব্রেক পয়েন্ট আদান-প্রদান হলেও গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে স্নায়ুর দৃঢ়তা ধরে রাখেন আলকারাজ। শেষ পর্যন্ত ৭-৫ গেমে সেট ও ম্যাচ জিতে নেন তিনি। ম্যাচ পয়েন্ট নিশ্চিত হতেই আবেগে কোর্টে লুটিয়ে পড়েন ২২ বছর বয়সী এই স্প্যানিশ তারকা উচ্ছ্বাসে, আনন্দে ও ইতিহাস গড়ার অনুভূতিতে।

এই শিরোপা জয়ের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে প্রথমবার চ্যাম্পিয়ন হলেন আলকারাজ। একই সঙ্গে তিনি হয়ে উঠলেন টেনিস ইতিহাসের সর্বকনিষ্ঠ ক্যারিয়ার গ্র্যান্ডস্ল্যাম জয়ী খেলোয়াড়। এর আগে এই রেকর্ডটি ছিল তারই স্বদেশী রাফায়েল নাদালের দখলে, যিনি ২৪ বছর বয়সে চারটি গ্র্যান্ডস্ল্যাম জয়ের কীর্তি গড়েছিলেন। আলকারাজ সেই রেকর্ড ভেঙে দিলেন দুই বছর আগেই।

পুরুষ টেনিসে আলকারাজ এখন মাত্র নবম খেলোয়াড়, যিনি অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেন চারটি গ্র্যান্ডস্ল্যামই জয়ের কীর্তি গড়েছেন। প্রায় ৮৭ বছরের টেনিস ইতিহাসে এত কম বয়সে ক্যারিয়ার গ্র্যান্ডস্ল্যাম জয়ের নজির আর নেই।

অন্যদিকে, এই হারে জোকোভিচের ২৫তম গ্র্যান্ডস্ল্যাম জয়ের স্বপ্ন আরও পিছিয়ে গেল। ২০২৩ সালের ইউএস ওপেন জয়ের পর থেকে তিনি ২৪টি গ্র্যান্ডস্ল্যাম শিরোপা নিয়েই আটকে আছেন, মার্গারেট কোর্টের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ শিরোপাধারীর রেকর্ড ভাগ করে নিচ্ছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here