জেদ্দায় আটকে পড়া মুশফিকুর রহিম দেশে ফিরেছেন

0
জেদ্দায় আটকে পড়া মুশফিকুর রহিম দেশে ফিরেছেন

পবিত্র উমরাহ পালন শেষে দেশে ফেরার পথে অনাকাঙ্ক্ষিত জটিলতায় পড়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতির প্রভাবে আকাশপথ সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ায় সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে আটকে থাকতে হয় তাকে। তবে সব অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফিরেছেন এই তারকা ব্যাটার। সোমবার সকাল ১০টার দিকে ঢাকায় অবতরণ করেন তিনি।

প্রথম পরিকল্পনা অনুযায়ী গত শুক্রবার তার দেশে ফেরার কথা ছিল। উমরাহ শেষে দুবাই হয়ে ঢাকায় ফেরার কথা থাকলেও ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর আঞ্চলিক আকাশপথে জটিলতা তৈরি হয়। দুবাই পৌঁছানোর পর তার বহনকারী ফ্লাইটটি পুনরায় জেদ্দায় ফিরিয়ে নেওয়া হয়। ফলে সৌদি আরবেই অবস্থান করতে বাধ্য হন তিনি।

এই সময়টায় ভক্ত-সমর্থকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তার নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেন। অবশেষে রবিবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে স্বস্তির খবর দেন মুশফিক।

পোস্টে তিনি লেখেন, ‘আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নিরাপদে বিমানে চড়েছি। ইনশাআল্লাহ আগামীকাল সকালে ঢাকায় নামব। ধন্যবাদ তাদেরকে যারা গত ২৪ ঘণ্টায় আমার সাথে অনবরত যোগাযোগ করেছেন এবং অনেক দোয়া পাঠিয়েছেন। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে বাড়িতে পৌঁছে দিন।’

সোমবার এক ফেসবুক পোস্টে মুশফিকের সহধর্মিনী জান্নাতুল কিফায়েত মন্ডি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, মুশফিক নিরাপদে বাসায় ফিরে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তার জন্য সবকিছু সহজ করে দিয়েছেন। যারা আমার খোঁজখবর নিয়েছেন এবং আমাকে মানসিক সমর্থন দিয়েছেন, সকল আপনজনকে অসংখ্য ধন্যবাদ। আমরা দোয়া করি, ইনশাআল্লাহ, পৃথিবীর পরিস্থিতি খুব শিগগিরই শান্ত ও স্বাভাবিক হয়ে উঠুক।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here