পবিত্র রমজান উপলক্ষে জামালপুর শহরের বস্ত্র ও খাদ্যসামগ্রীর দোকানে ভেজালবিরোধী অভিযান চালিয়ে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার শহরের বিভিন্ন বস্ত্র বিপণি ও খাদ্যসামগ্রীর দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম এবং জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ শফিউল্লাহ।
অভিযানে দেশীয় পোশাক বিদেশি বলে বিক্রির দায়ে ‘এমব্রেলা’কে ১০ হাজার টাকা, ‘সেল্ফ’কে ২ হাজার টাকা এবং ‘মনেরেখো বস্ত্রালয়’কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ খাতে মোট ১৫ হাজার টাকা আদায় করা হয়।
এ ছাড়া রানীগঞ্জ বাজারের বিভিন্ন খাদ্যসামগ্রীর দোকানে হলুদসহ অন্যান্য পণ্যের নমুনা পরীক্ষা ও পরিদর্শন করা হয়। এক দোকানে নকল পানীয় পাওয়া গেলে ২ হাজার টাকা এবং আরেক দোকানে নিষিদ্ধ হাইকো কোম্পানির কেওড়া জল বিক্রির দায়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ শফিউল্লাহ উপস্থিত ক্রেতাদের সতর্ক করে বলেন, কেওড়া জল নিষিদ্ধ পণ্য। এটি মৃতদেহের ময়নাতদন্তে এসিড হিসেবে ব্যবহৃত হয় এবং মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। রমজান মাসজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

