জামালপুরে অসহায় বৃদ্ধ দম্পতির ভরণ-পোষণের দায়িত্ব নিলেন যুবদল নেতা

0
জামালপুরে অসহায় বৃদ্ধ দম্পতির ভরণ-পোষণের দায়িত্ব নিলেন যুবদল নেতা

বোতল কুড়িয়ে সংসার চালানো জামালপুরের এক অসহায় বৃদ্ধ দম্পতির আজীবন ভরণ-পোষণের দায়িত্ব নিয়েছেন জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান। দায়িত্ব নেওয়ার পাশাপাশি তাদের মাঝে খাদ্য সহায়তাও প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে শহরের বাগেরহাটা বটতলা মোড়ে অবস্থিত তার ব্যক্তিগত কার্যালয়ে যুবদল নেতা সোহেল রানা খান চাঁন মিয়া ও কুলসুম বেগম দম্পতির দায়িত্ব গ্রহণ করেন এবং তাদের দুই মাসের খাদ্য সহায়তা প্রদান করেন।

এ সময় ওই বৃদ্ধ দম্পতির হাতে এক বস্তা চাল, দুই লিটার তেল, ডাল, চিনি, আদা, হুইল পাউডার, সাবান, পিয়াজ, আলু, সেমাই, মুরগি, শাড়ি, লুঙ্গিসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্য এবং নগদ অর্থ তুলে দেওয়া হয়।

বৃদ্ধ চাঁন মিয়া বলেন, আগে গতর খাটিয়ে সংসার চালাইছি। এখন আর পারি না। সন্তানরাও খোঁজ-খবর রাখে না। অভাবের মধ্যেই দুই বুড়ো-বুড়ি বোতল কুড়িয়ে যা পাই, তাই দিয়েই চলি। এখন আমাদের সব দায়িত্ব নেওয়ায় আমরা খুব খুশি।

জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান বলেন, দলীয় নেতাকর্মীদের মাধ্যমে এই বৃদ্ধ দম্পত্তির খোঁজ পেয়ে একজন সন্তানের দায়িত্ববোধ থেকেই তাদের দায়িত্ব নিয়েছি। তারা যতদিন বেঁচে থাকবেন, তাদের সব দায়-দায়িত্ব আমার। আজ অন্তত দুই মাস চলার মতো খাদ্য সহায়তা দিয়েছি। এছাড়াও আমার লোকজন নিয়মিত তাদের খোঁজ রাখবে। মূলত আল্লাহই আমার মাধ্যমে তাদের এই সহায়তা পৌঁছে দিয়েছেন। আল্লাহ যতদিন চান, এই সহায়তা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ৭৫ বছর বয়সী চাঁন মিয়া ও তার স্ত্রী কুলসুম বেগমের বাড়ি শহরের বাগেরহাটা বটতলা মোড় এলাকায়। এক সময় চাঁন মিয়া রিকশা চালিয়ে সংসার চালালেও বয়সের ভারে এখন আর কাজ করতে পারেন না। ফলে এক বেলা আধপেটে দিন কাটানোই হয়ে উঠেছিল তাদের নিত্যদিনের বাস্তবতা। এক ছেলে ও দুই মেয়ে থাকলেও কেউ তাদের খোঁজ-খবর রাখেন না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here