জাতীয় সংগীত গাইলেও ইরানি ফুটবলারদের নতুন প্রতিক্রিয়া

0
জাতীয় সংগীত গাইলেও ইরানি ফুটবলারদের নতুন প্রতিক্রিয়া

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে চাপে পড়েছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনা বাড়ার মধ্যেই এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় রয়েছে ইরানের নারী ফুটবল দল। যুদ্ধের খবর শোনার পর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচের আগে জাতীয় সংগীতের সময় তারা নীরব থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখিয়েছিল। তবে বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে ভিন্ন চিত্র দেখা গেছে।

সোমবার দক্ষিণ কোরিয়ার কাছে ৩-০ গোলে হেরে যাওয়া ম্যাচের আগে জাতীয় সংগীত পরিবেশনের সময় ইরানি খেলোয়াড়রা চুপ ছিলেন। এ বিষয়ে তারা আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও বিভিন্ন প্রতিবেদনে এটিকে প্রতিবাদ বা শোক প্রকাশের প্রতীক হিসেবে দেখা হয়। তবে দুই দিন পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে তারা জাতীয় সংগীত সমস্বরে গেয়েছেন এবং দিয়েছেন ‘মিলিটারি স্যালুট’।

অস্ট্রেলিয়ার কাছে ৪-০ গোলে হেরে যাওয়া সেই ম্যাচে গ্যালারি থেকেও প্রতিক্রিয়া আসে। কিছু দর্শক দুয়ো দেন, আবার কেউ কেউ ১৯৭৯ সালের আগের ইরানের পতাকা প্রদর্শন করে বর্তমান শাসনব্যবস্থার প্রতিবাদ জানান। এমনকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে স্লোগান ও ব্যানারও দেখা গেছে।

দুই ম্যাচের মধ্যে খেলোয়াড়দের অবস্থান বদলের কারণ স্পষ্ট নয়। তবে অস্ট্রেলিয়া ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ইরানের স্ট্রাইকার সারা দিদার দেশে থাকা পরিবার ও বন্ধুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে কান্নায় ভেঙে পড়েন। ইন্টারনেট বন্ধ থাকায় খেলোয়াড় ও স্টাফদের অনেকেই দেশের স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না।

ইরানি-অস্ট্রেলিয়ানদের সমর্থনে আবেগাপ্লুত কোচ মারজিয়া জাফারি বলেন,‘এখানে ইরানি অস্ট্রেলিয়ানদের সমর্থন পেয়ে আমরা খুবই কৃতজ্ঞ। অবশ্যই আমাদের পরিবার ও প্রিয়জনদের নিয়ে আমরা উদ্বিগ্ন। তাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই। আমরা এখানে পেশাদারভাবে ফুটবল খেলতে এসেছি, তাই পরের ম্যাচে মনোযোগ ধরে রাখার চেষ্টা করছি।’

দুই ম্যাচেই হেরে টুর্নামেন্ট থেকে বিদায়ের দ্বারপ্রান্তে রয়েছে ইরান। রোববার ফিলিপাইনসের বিপক্ষে বড় জয় পেলেই কেবল তাদের কোয়ার্টার ফাইনালের আশা টিকে থাকতে পারে। ইতোমধ্যে এই গ্রুপ থেকে অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়া শেষ আটে উঠেছে। গ্রুপের শীর্ষ দুই দলের সঙ্গে সেরা দুটি তৃতীয় দলও যাবে পরের ধাপে।

এশিয়ান কাপ থেকেই পরবর্তী বিশ্বকাপে খেলার সুযোগ মিলবে। তাই শেষ ম্যাচকে ঘিরে আশা ধরে রাখতে চাইছে জাফারির দল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here