জাতীয় দলের নির্বাচক পদে কারা আবেদন করেছেন

0
জাতীয় দলের নির্বাচক পদে কারা আবেদন করেছেন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক পদে নিয়োগ দিতে সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগ্রহী প্রার্থীদের আগামী ৮ মার্চের মধ্যে আবেদন জমা দিতে বলা হয়েছে।

মঙ্গলবার পর্যন্ত একাধিক আবেদন জমা পড়েছে বলে জানা গেছে। আবেদনকারীদের মধ্যে বয়সভিত্তিক দলের কয়েকজন নির্বাচকও রয়েছেন। জাতীয় দলের নির্বাচক হওয়ার দৌড়ে এগিয়ে থাকলেও আবেদন করবেন না বলে ইতোমধ্যে জানিয়েছেন সাজ্জাদ আহমেদ শিপন।

খোঁজ নিয়ে জানা গেছে, নতুন মুখ হিসেবেও কয়েকজন সাবেক ক্রিকেটার আবেদন করতে আগ্রহী। আলোচনায় রয়েছে শামসুর রহমান শুভর নাম। পাশাপাশি নাম প্রকাশে অনিচ্ছুক আরও কয়েকজন সাবেক ক্রিকেটারও আবেদন করতে পারেন বলে জানা গেছে।

নির্বাচক পদে আবেদন করতে প্রথম শ্রেণি ও লিস্ট ‘এ’ মিলিয়ে অন্তত ১০০ ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি বিচারিক সক্ষমতা, ক্রিকেট বিশ্লেষণে দক্ষতা এবং কার্যকর যোগাযোগ ক্ষমতাও প্রয়োজন। নির্বাচকরা দুই বছরের জন্য নিয়োগ পাবেন। তাদের দায়িত্ব থাকবে জাতীয় দল ও ‘এ’ দলের খেলোয়াড় বাছাই করা এবং পাইপলাইনে থাকা সম্ভাবনাময় ক্রিকেটারদের পর্যবেক্ষণে রাখা।

এদিকে, প্রধান নির্বাচক হওয়ার দৌড়ে এগিয়ে থাকা হাবিবুল বাশার সুমন এখনো আবেদন করেননি। তবে দ্রুতই আবেদন করবেন বলে বিসিবি সূত্রে জানা গেছে। এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দুই বছরের জন্য প্রধান নির্বাচকের দায়িত্ব নেন গাজী আশরাফ হোসেন লিপু। তার চুক্তির মেয়াদ চলতি ফেব্রুয়ারিতেই শেষ হওয়ার কথা।

গত অক্টোবরে বিসিবি নির্বাচনে অংশ নিতে নির্বাচকের পদ ছাড়েন আব্দুর রাজ্জাক। লিপু ও রাজ্জাকের শূন্যস্থান পূরণে এবার দুজন নতুন নির্বাচক নিয়োগ দিতে যাচ্ছে বিসিবি। নতুনদের মধ্যে একজনকে করা হবে প্রধান নির্বাচক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here