জয় দিয়ে লিগ শেষ বসুন্ধরার, ট্রেবল উদযাপনে মাতল কিংসরা

0
জয় দিয়ে লিগ শেষ বসুন্ধরার, ট্রেবল উদযাপনে মাতল কিংসরা

লক্ষ্য আগেই পূরণ হয়েছিল, তবে মৌসুমের শেষ ম্যাচটিকে নিছক নিয়মরক্ষার হতে দিল না চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। বাংলাদেশ ফুটবল লিগের শেষ ম্যাচে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে দুর্দান্ত জয়ে মৌসুম শেষ করেছে কিংসরা। ঘরের মাঠ বসুন্ধরা কিংস অ্যারেনায় এই জয়ের পর ট্রফি হাতে আনুষ্ঠানিক উদযাপনে মাতেন দরিয়েলতন গোমেজ ও তপু বর্মনরা। এই শিরোপার মধ্য দিয়ে ফেডারেশন কাপ এবং চ্যালেঞ্জ কাপসহ চলতি মৌসুমে ঘরোয়া ফুটবলের ট্রেবল জয়ের অনন্য কীর্তি গড়ল বসুন্ধরা।

ম্যাচের শুরুতেই অবশ্য চমক দেখিয়েছিল আগেই অবনমন নিশ্চিত হওয়া ফকিরেরপুল। ম্যাচের ২৮ মিনিটে মোস্তফা খারাবার পাস থেকে গোলরক্ষক আনিসুর রহমান জিকোকে বোকা বানিয়ে দলকে লিড এনে দেন বেন ইব্রাহিম। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ৩৬ মিনিটে সোহেল রানার ফ্রি কিক থেকে দুর্দান্ত এক হেডে বসুন্ধরাকে সমতায় ফেরান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দরিয়েলতন গোমেজ। পুরো মৌসুমে এটি ছিল তার ১৯তম গোল। এর ঠিক তিন মিনিট পর, ৩৯ মিনিটে বক্সের ভেতর থেকে বাঁ পায়ের নিখুঁত শটে বসুন্ধরাকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন মজিবুর রহমান জনি।

ম্যাচের দ্বিতীয় অর্ধের ৬২ মিনিটে আরও এক গোল পায় কিংসরা। জনির সঙ্গে বল দেওয়া-নেওয়া করে দরিয়েলতন শট নিলেও গোললাইনের ঠিক আগমুহূর্তে বল শাহরিয়ার ইমনের শরীরে লাগায় গোলটি ইমনের নামে নথিভুক্ত হয়। এর ফলে হ্যাটট্রিক মিস করলেও ম্যাচের ৭৪ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি ঠিকই আদায় করে নেন দরিয়েলতন। রাকিবের পাস থেকে সহজ ট্যাপ-ইনে ফকিরেরপুলের জালে শেষ পেরেকটি ঠুকে দেন এই ব্রাজিলিয়ান তারকা।

এই জয়ের ফলে ১৮ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান মজবুত রেখে লিগ শেষ করল বসুন্ধরা কিংস। অন্যদিকে দিনের অন্য ম্যাচে আরামবাগকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে সমান ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে আবাহনী লিমিটেড। দিনের বাকি ম্যাচগুলোর মধ্যে মোহামেডান ৫-০ গোলের বড় ব্যবধানে বিধ্বস্ত করেছে ব্রাদার্স ইউনিয়নকে। এছাড়া ফর্টিস ও পিডব্লিউডির মধ্যকার ম্যাচটি ২-২ গোলে ড্র হলেও, কোনো গোল ছাড়াই পয়েন্ট ভাগাভাগি করেছে রহমতগঞ্জ ও পুলিশ এফসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here