জয়পুরহাট জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও কালাই পৌরসভার সাবেক মেয়র তৌফিকুল ইসলাম তালুকদার বেলালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাত দেড়টার দিকে কালাই পৌরশহরের কৃষি ব্যাংকপাড়া মহল্লায় তাঁর নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল কালাই পৌরশহরের তালুকদারপাড়া মহল্লার মৃত তাইফুল ইসলাম তালুকদার খোকার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান।
ডিবি পুলিশের ওসি জানান, তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ছাড়াও কালাই পৌরসভার সাবেক মেয়র এবং কালাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তার বিরুদ্ধে জয়পুরহাট শহরে নাশকতা ও বিস্ফোরক আইনে একটি মামলা রয়েছে।
তিনি আরও জানান, গত ৫ আগস্টের পর থেকে বেলাল আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর মঙ্গলবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

