যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি সঞ্চালিকা সাভানা গাথরির ৮৪ বছর বয়সী মা ন্যান্সি গাথরির রহস্যজনক অন্তর্ধানের তদন্তে বড় ঘোষণা দিয়েছে এফবিআই। তাকে উদ্ধারে বা অপহরণকারীদের ধরিয়ে দিতে ৫০ হাজার মার্কিন ডলার (প্রায় ৬০ লাখ টাকা) পুরস্কারের ঘোষণা করা হয়েছে। গত পাঁচ দিন ধরে নিখোঁজ থাকা ন্যান্সির বিষয়ে এখন পর্যন্ত কোনো ‘সন্দেহভাজন’ বা ‘তদন্তের আওতায় থাকা ব্যক্তি’-কে চিহ্নিত করতে পারেনি প্রশাসন।
পিমা কাউন্টি শেরিফ ক্রিস ন্যানোস এক সংবাদ সম্মেলনে জানান, ন্যান্সি গাথরির বাড়ি থেকে এমন কিছু ‘উদ্বেগজনক’ আলামত পাওয়া গেছে যা থেকে ধারণা করা হচ্ছে এটি একটি অপরাধমূলক ঘটনা। শেরিফ বলেন, আমার বিশ্বাস তাকে অপহরণ করা হয়েছে। তিনি নিজে থেকে কোথাও যাননি। তবে বাড়িতে জোরপূর্বক প্রবেশের কোনো চিহ্ন পাওয়া গেছে কি না, সে বিষয়ে তদন্তের স্বার্থে কিছু জানাতে অস্বীকার করেছেন তিনি।
তদন্তকারীরা ন্যান্সির বাড়ির ডোরবেল ক্যামেরার একটি টাইমলাইন প্রকাশ করেছেন। গত ১ ফেব্রুয়ারি (রবিবার) রাত ১টা ৪৭ মিনিটে রহস্যজনকভাবে ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর রাত ২টা ১২ মিনিটে সফটওয়্যারে নড়াচড়া শনাক্ত হলেও কোনো ভিডিও রেকর্ড হয়নি। এই সময়ের মধ্যেই অপহরণের ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় অপহরণকারীদের প্রতি আকুল আবেদন জানিয়েছেন সাভানা গাথরি। তিনি বলেন, আমার মায়ের বয়স ৮৪ বছর। তিনি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ এবং নিয়মিত ওষুধ ছাড়া তার বেঁচে থাকা অসম্ভব। আমরা আপনাদের সঙ্গে কথা বলতে প্রস্তুত। শুধু নিশ্চিত করুন যে তিনি বেঁচে আছেন। গণমাধ্যমে মুক্তিপণ দাবির খবর চাউর হলেও পরিবারের পক্ষ থেকে সরাসরি এ বিষয়ে কিছু জানানো হয়নি।
এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ তিনি জানান, তিনি সাভানা গাথরির সঙ্গে কথা বলেছেন এবং ন্যান্সি গাথরিকে নিরাপদে ফিরিয়ে আনতে সমস্ত ফেডারেল সংস্থা ও আইন প্রয়োগকারী বাহিনীকে পূর্ণ শক্তি নিয়োগের নির্দেশ দিয়েছেন।
বর্তমানে এফবিআই-এর ফিনিক্স অফিস এবং স্থানীয় পুলিশ দিনরাত এই মামলার তদন্ত চালিয়ে যাচ্ছে। তবে ন্যান্সি গাথরি এখন কোথায় বা কী অবস্থায় আছেন, তা নিয়ে ধোঁয়াশা কাটছে না।
সূত্র: ভ্যারাইটি

