জনগণের কল্যাণেই আমাদের রাজনীতি: আমানউল্লাহ আমান

0
জনগণের কল্যাণেই আমাদের রাজনীতি: আমানউল্লাহ আমান

ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলছেন, জনগণের সেবায় নিয়োজিত থাকাই সরকারের মূল লক্ষ্য। জনকল্যাণে কাজ করাই আমাদের রাজনীতির প্রধান উদ্দেশ্য। মানুষের কল্যাণে কাজ করলে জনগণের আস্থা আরও সুদৃঢ় হবে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শনিবার (২৮ মার্চ) দুপুরে কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড, রান্নাঘর, বাথরুম, অপারেশন থিয়েটার, প্রসূতি বিভাগসহ জরুরি বিভাগ ঘুরে দেখেন। পরে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ে যোগাযোগ করে ঢাকা-২ আসনের হাসপাতালগুলোতে পরিচ্ছন্নতাকর্মীসহ জনবল সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে প্রতিশ্রুতি দেন।

আমানউল্লাহ আমান বলেন, জনগণই দেশের শক্তি। তাদের সুখ-দুঃখের সঙ্গী হয়ে কাজ করাই একজন রাজনীতিকের দায়িত্ব। তিনি আরও বলেন, জনগণের আস্থা অর্জন করতে হলে আন্তরিকতা ও সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, প্লাস্টিক, পলিথিন ও বিভিন্ন ময়লা-আবর্জনার কারণে পরিবেশে মারাত্মক দূষণ সৃষ্টি হয়। এতে নানা রোগব্যাধি ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ে এবং ডেঙ্গুর প্রকোপও দেখা দিতে পারে। তাই প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে এই অভিযান শুরু করা হয়েছে।

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির এই সংসদ সদস্য আরও বলেন, গ্রামের বিভিন্ন সড়ক, অলিগলি এবং মহাসড়কের পাশ থেকে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। পাশাপাশি ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় বাসিন্দাদের বাড়ির আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়। কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকেও বিশেষ গুরুত্ব দেওয়ার পরামর্শ দেওয়া হয়।

তিনি আরও বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে অনেক রোগজীবাণু থেকে রক্ষা পাওয়াসহ সুস্থ থাকা সম্ভব। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর কেরানীগঞ্জ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক, উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আব্দুল মোকাদ্দেসসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here