চ্যাম্পিয়ন্স লিগ : শেষ ষোলোতে উঠল যেসব দল

0
চ্যাম্পিয়ন্স লিগ : শেষ ষোলোতে উঠল যেসব দল

যোগ করা সময়ের প্রথম মিনিটে ম্যাচে সমতা টেনে লড়াই জমিয়ে তুলল মোনাকো। তবে বাকি সময়ে নাটকীয় কিছু করে দেখাতে পারল না তারা। ঘরের মাঠে হাত থেকে জয় বের হয়ে গেলেও লক্ষ্য পূরণ হলো পিএসজির।

আরেক লড়াইয়ে প্রথম লেগের তিন গোলের ব্যবধান ঘুচিয়ে ম্যাচ অতিরিক্ত সময়ে নিলেও শেষ রক্ষা হলো না জুভেন্টাসের। আর এতেই চূড়ান্ত হয়ে গেল ২০২৫-২৬ চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের ১৬টি দল। প্লে-অফ পেরিয়ে শেষ চারটি দল হিসেবে বুধবার শেষ ষোলোয় উঠেছে আতালান্তা, রেয়াল মাদ্রিদ, পিএসজি ও গালাতাসারাই।

বেনফিকার বিপক্ষে ফিরতি লেগে ঘরের মাঠে ২-১ গোলে জিতে, দুই লেগ মিলিয়ে ৩-১ গোলের অগ্রগামিতায় শেষ ষোলোয় উঠেছে প্রতিযোগিতাটির রেকর্ড চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

মোনাকোর বিপক্ষে ঘরের মাঠে ফিরতি লেগে ২-২ ড্র করে, ৫-৪ ব্যবধানে এগিয়ে থেকে নকআউটে উঠেছে শিরোপাধারী পিএসজি। প্রথম লেগে বরুশিয়া ডর্টমুন্ডের মাঠে ২-০ গোলে হারা আতালান্তা ঘরের মাঠে জিতেছে ৪-১ গোলে। ৪-৩ গোলের অগ্রগামিতায় ইতালিয়ান দলটি উঠেছে শেষ ষোলোয়।

জুভেন্টাস প্রথম লেগে ৫-২ গোলে হেরেছিল গালাতাসারাইয়ের মাঠে। ফিরতি লেগে ঘরের মাঠে প্রথমার্ধে ব্যবধান কমায় তারা। দ্বিতীয়ার্ধের শুরুতে ১০ জনের দলে পরিণত হয় ইতালিয়ান দলটি। তবে ৭০ ও ৮২তম মিনিটে আরও দুই গোল করে দুই লেগ মিলিয়ে স্কোরলাইন ৫-৫ করে ফেলে তারা। অতিরিক্ত সময়ে আর পেরে ওঠেনি জুভেন্টাস। ১০৫ ও ১১৯তম মিনিটে তাদের জালে বল পাঠিয়ে ৩-২ ব্যবধানে ম্যাচ হারলেও দুই লেগ মিলিয়ে ৭-৫ গোলের অগ্রগামিতায় শেষ ষোলোয় ওঠে তুরস্কের ক্লাব গালাতাসারাই।

আগের দিন প্লে-অফ থেকে শেষ ষোলোর টিকেট নিশ্চিত করেছিল আতলেতিকো মাদ্রিদ, বায়ার লেভারকুজেন, নিউক্যাসল ইউনাইটেড ও বোদা/গ্লিম্ট। এবার প্রথম পর্বের পয়েন্ট টেবিলে শীর্ষ আটে থেকে সরাসরি নকআউট পর্বে জায়গা করে নেয় আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, টটেনহ্যাম হটস্পার, বার্সেলোনা, চেলসি, স্পোর্তিং সিপি ও ম্যানচেস্টার সিটি। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) হবে শেষ ষোলোর ড্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here