চোট কাটিয়ে ফেরার অপেক্ষায় ধোনি ও ব্রেভিস

0
চোট কাটিয়ে ফেরার অপেক্ষায় ধোনি ও ব্রেভিস

আইপিএলের শুরুটা একেবারেই হতাশাজনক কেটেছে চেন্নাই সুপার কিংসের। টানা তিন ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। তবে দলের জন্য সুখবর, চোট থেকে সেরে উঠছেন দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার ডেওয়াল্ড ব্রেভিস ও মাহেন্দ্র সিং ধোনি।

আগামী শনিবার নিজেদের ঘরের মাঠ এম এ চিদাম্বরাম স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে চেন্নাই। সেই ম্যাচেই ব্রেভিসের ফেরার জোর সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ধোনিকেও দলে পাওয়া যেতে পারে বলে ইঙ্গিত মিলছে।

আইপিএল শুরুর আগে প্রস্তুতি ক্যাম্পে পায়ের পেশিতে চোট পান ধোনি। এ কারণে এখন পর্যন্ত কোনো ম্যাচে খেলতে পারেননি ৪৪ বছর বয়সী এই অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার। এমনকি গুয়াহাটি ও বেঙ্গালুরু সফরেও দলের সঙ্গে ছিলেন না তিনি। তবে সাম্প্রতিক সময়ে তাকে নিয়মিত অনুশীলন করতে দেখা যাচ্ছে এবং ব্যাটিংয়েও স্বাচ্ছন্দ্য দেখিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, খুব শিগগিরই ফিটনেস পরীক্ষা দেবেন ধোনি। সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে দিল্লির বিপক্ষে ম্যাচেই তাকে একাদশে দেখা যেতে পারে। দল ব্যবস্থাপনা অবশ্য তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না, পুরোপুরি ফিট হয়েই মাঠে ফেরানোর পরিকল্পনা তাদের।

চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ও ধোনির দ্রুত ফেরার আশাবাদ ব্যক্ত করেছেন। তার ভাষায়, ধোনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন এবং মাঠে নামতে উদগ্রীব।

অন্যদিকে, সাইড স্ট্রেইনের চোটে ভুগছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ব্রেভিস। এখনও কোনো ম্যাচ খেলতে না পারলেও দলের সঙ্গে ছিলেন তিনি। কোচ স্টিফেন ফ্লেমিং আশা করছেন, পরের ম্যাচের আগেই পুরোপুরি ফিট হয়ে উঠবেন এই তরুণ ক্রিকেটার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here