চোটে দল থেকে ছিটকে গেলেন এজে

0
চোটে দল থেকে ছিটকে গেলেন এজে

আর্সেনালের জার্সিতে সময়টা বেশ ভালো কাটছিল এবেরেচি এজের। সবশেষ মাঠে নেমে গোলও করেন তিনি। অপেক্ষাই ছিলেন জাতীয় দলে যোগ দেওয়ার। কিন্তু শেষ মুহূর্তের চোট তার সব পরিকল্পনা ভেস্তে দিল।

পায়ের পেশিতে চোট পেয়েছেন এজে। এতে বড় ধাক্কা লেগেছে আর্সেনাল শিবিরেও। গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার লেভারকুজেনের বিপক্ষে ২-০ ব্যবধানের জয়ে গুরুত্বপূর্ণ একটি গোল করেন তিনি। এরপরই চোট হানা দেয় তার শরীরে, সেই কারণে রবিবার রাতে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ২-০ গোলে হেরে যাওয়া লিগ কাপের ফাইনালে খেলতে পারেননি তিনি।

বিশ্বকাপের প্রস্তুতিপর্বে আসছে দুটি ম্যাচের (উরুগুয়ে ও জাপানের বিপক্ষে) জন্য সম্প্রতি এজেকে নিয়ে ৩৫ সদস্যের দল ঘোষণা করেন ইংল্যান্ড কোচ টমাস টুখেল।
সিটি ম্যাচের পর এই ইংলিশ অ্যাটাকিং মিডফিল্ডারের চোটের খবর জানান আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। ইংল্যান্ডের হয়ে এজে খেলতে পারবেন কিনা, এমন প্রশ্নের উত্তরে কোচ বলেন- “না, সে ছিটকে গেছে।আগামী ছয় বা সাত দিনে তার আরেকবার স্ক্যান করানো হবে এবং ফলের অপেক্ষা করতে হবে। সে পায়ে চোট পেয়েছে। পায়ের পেশিতে।”

জাতীয় দলের হয়ে সবশেষ তিন ম্যাচে দুটিসহ মোট ১৬ ম্যাচে তিনটি গোল করেছেন ২৭ বছর বয়সী এজে। ওয়েম্বলিতে আগামী ২৭ মার্চ উরুগুয়ের বিপক্ষে খেলবে ইংল্যান্ড। এর চার দিন পর একই মাঠে তারা খেলবে জাপানের বিপক্ষে।

আগামী ১১ জুন শুরু হবে এবারের বিশ্বকাপ। ৪৮ দলের লড়াই হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে, চলবে ১৯ জুলাই পর্যন্ত। মূল আসর শুরুর আগে ইংল্যান্ড আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে, নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিপক্ষে। আগামী ১৭ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে ইংল্যান্ড। ‘এল’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ ঘানা ও পানামা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here