বায়ার্ন মিউনিখের একাদশে থাকার মতো প্রথম চার গোলকিপারই চোটে। আর তাই চ্যাম্পিয়নস লিগে আটালান্টার বিপক্ষে শেষ ষোলোর দ্বিতীয় লেগে ম্যাচের আগে বেশ দুশ্চিন্তায় পড়েছে বাভারিয়ানরা। ক্লাবটির শেষ ভরসা হিসেবে আছে ১৬ বছর বয়সী এক ‘পুঁচকে’ গোলকিপার লিওনার্ড প্রেস্কট।
বায়ার্ন কোচ ভিনসেন্ট কম্পানি জানিয়েছেন, ম্যানুয়েল নয়্যার পেশির চোটের কারণে আন্তর্জাতিক বিরতির পরে এপ্রিলের প্রথম দিকে ফিরবেন। এছাড়া, বায়ার লেভারকুসেনের সঙ্গে ১-১ ড্র ম্যাচে পেশি ছিঁড়ে গেছে সভেন উলরেইচের। ফলে কয়েক সপ্তাহের জন্য বাইরে থাকবেন তিনি।
২২ বছর বয়সী জোনাস উরবিগ চ্যাম্পিয়ন্স লিগে প্রথম লেগে আতালান্তার বিরুদ্ধে ৬-১ গোলে জয়ের ম্যাচে কনকশন চোটে পড়েছিলেন। পরবর্তী বিকল্প হিসেবে রিজার্ভ থেকে লিওন ক্লানাক থাকার কথা। কিন্তু তিনি উরুর চোটের কারণে কিছু সময় ধরে বাইরে আছেন তিনিও।
গোলকিপারদের চোটের মিছিলে ১৬ বছর বয়সী লিওনার্ড প্রেস্কটকে গোলবারের নিচে দাঁড় করিয়ে দিতে পারে বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়নস লিগে আটালান্টার বিপক্ষে গোলপোস্টের সামলোনোর দায়িত্ব পেলে ইতিহাসেও নাম লেখাবেন তিনি। প্রেস্কট হবেন বায়ার্নের ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলরক্ষক। ১৬ বছর ও ১৭৬ দিনের বয়সী এই তরুণ ছাড়িয়ে যাবেন তাঁর চেয়ে দুই বছর বেশি বয়সে গোলকিপিং করা স্বেন শোয়ার। ১৯৮৯ সালে ১৮ বছর বয়সে বায়ার্নে অভিষেক হয়েছিল তার।
চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে অষ্টম সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের তালিকাতেও নাম লেখাতে পারেন প্রেস্কট। তালিকার শীর্ষে রয়েছেন ম্যাক্স ডাউম্যান। মাত্র ১৫ বছর বয়সে নভেম্বরে আর্সেনালের হয়ে অভিষেক হয়েছিল তাঁর। তালিকায় এরপর আছেন ইউসুফা মুকোকো (বরুশিয়া ডর্টমুন্ড) এবং লামিনে ইয়ামাল (বার্সেলোনা)।
২০০৯ সালে নিউ ইয়র্কে জন্ম নেন প্রেস্কট। বাবা আমেরিকান আর মা জার্মান। বার্লিনে বড় হওয়া প্রেস্কট খেলেছেন স্থানীয় ইউনিয়নের যুব দলে। ২০২৩ সালে প্রেস্কট এফসি বায়ার্নে যোগ দেন। ১.৯৬ মিটার লম্বা প্রেস্কট জার্মান জায়ান্ট ক্লাবটির অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছেন।
গোলপোস্টের নিচে প্রেস্কটের পারফরম্যান্স বলার মতো নয়। ১৬ ম্যাচে মাত্র একবার ক্লিনশিট রেখেছেন তিনি। হজম করেছেন ৩০টি গোল। প্রেস্কট ইতোমধ্যেই জার্মানির অনূর্ধ্ব-১৬ ও ১৭ দলের হয়ে খেলেছেন। তবে তাঁর আমেরিকান নাগরিকত্বও আছে, তাতে যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়েও খেলার সুযোগ আছে তার। বায়ার্নের সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি আছে প্রেস্কটের।

