মাঝমাঠে বড় একটা আঘাত পেয়েছে এসি মিলান। চোয়ালে অস্ত্রোপচার করা হয়েছে রুবেন লফটাস-চিকের।
এই ইংলিশ মিডফিল্ডারের মুখে অস্ত্রোপচারের খবরটি নিশ্চিত করেছে এসি মিলান। সুস্থ হয়ে তার মাঠে ফিরতে সময় লাগবে আট সপ্তাহের মতো। তার অস্ত্রোপচার সফল হয়েছে এবং ইতোমধ্যে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানিয়েছে এসি মিলান।
ঘরের মাঠে গত রোববার সেরি আয় পার্মার বিপক্ষে ১-০ গোলে হারের ম্যাচে গুরুতর চোট পান লফটাস-চিক। প্রতিপক্ষের গোলরক্ষক এদুয়ার্দো কর্ভির সঙ্গে ধাক্কা লেগে আঘাত পান তিনি। মাঠে কিছুক্ষণ চিকিৎসা দেওয়ার পর, দশম মিনিটে তাকে স্ট্রেচারে মাঠের বাইরে নেওয়া হয়। এরপর নেওয়া হয় হাসপাতালে।
চলতি মৌসুমে সেরি আয় ২৩টি এবং সব প্রতিযোগিতা মিলিয়ে মিলানের হয়ে মোট ২৭টি ম্যাচ খেলেছেন লফটাস-চিক।

