চুয়াডাঙ্গায় মা গেলেন ভোটকেন্দ্রে, পানিতে ডুবে শিশুর মৃত্যু

0
চুয়াডাঙ্গায় মা গেলেন ভোটকেন্দ্রে, পানিতে ডুবে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় মা ভোট দিতে যাওয়ায় বাড়িতে রেখে যাওয়া হাসান (৩) নামের এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার খোরদ গ্রামে তার নানাবাড়িতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত হাসান উপজেলার হারদী ইউনিয়নের শেখপাড়া গ্রামের ইসরাইল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইসরাইল হোসেনের স্ত্রী জমজ দুই সন্তানকে নিয়ে বাবার বাড়ি বেড়াতে আসেন। বৃহস্পতিবার সকালে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তিনিও ভোট দিতে কেন্দ্রে যান। এ সময় জমজ শিশু হাসান ও হুসাইনকে বাড়িতেই রেখে যাওয়া হয়। ভোট দিয়ে ফিরে এসে হুসাইনকে ঘরে পাওয়া গেলেও হাসানকে দেখতে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন তার মা। পরে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে শিশুটিকে ভাসতে দেখা যায়।

স্থানীয়দের সহায়তায় দ্রুত তাকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, ‘সবার অগোচরে শিশুটি বাড়ির পাশের ডোবায় পড়ে যায়। এতে পানিতে ডুবে তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here