সুপার এইটে টানা দুই ম্যাচ হেরে সেমিফাইনাল স্বপ্ন শেষ শ্রীলঙ্কার। ২০২৬ বিশ্বকাপের সহ-আয়োজকদের শনিবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি কেবল নিয়মরক্ষার। এ নিয়ে টানা পাঁচ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা হয়নি লঙ্কানদের।
সুপার এইটে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে দুই উইকেটে হারায় ইংল্যান্ড। তাদের দ্বিতীয় হার নিউ জিল্যান্ডের বিপক্ষে। কিউইদের বিপক্ষে হারের পরই বিশ্বকাপ থেকে ছিটকে পড়া নিশ্চিত হয়ে পড়ে সাবেক চ্যাম্পিয়নদের।
নিউজিল্যান্ডের কাছে বাজে হারের পর সামাজিকমাধ্যম এক্সে নিজের অনুভূতি তুলে ধরেন দলটির সাবেক উইকেটকিপার ব্যাটার কুমার সাঙ্গাকারা। তার মতে, একই ধারার চললে ভালো ফল আশা করা বোকামি।
সাঙ্গাকারা বলেন, “চারদিকে ভীষণ কষ্ট। সমর্থকরা বিধ্বস্ত, হতাশ, ক্ষুব্ধ। ক্রিকেটাররাও অনেক কষ্ট পাচ্ছে। এমন একটা ড্রেসিং রুমে আমিও ছিলাম। এটা সহজ নয়।”
হারের কষ্ট কঠিন হলেও, দেশের জার্সি গায়ে জড়ানো সম্মান বলে মনে করেন লঙ্কানদের ২০১৪ বিশ্বকাপ জয়ের নায়ক সাঙ্গাকারা।
তিনি বলেন, “দেশ ও দেশের মানুষের প্রতিনিধিত্ব করা যেমন বোঝা, তেমন বিশাল সম্মানেরও। সঠিক পথে ফেরার জন্য সব স্তরেই অনেক কাজ করতে হবে। বারবার একই কাজ করে আমরা ভিন্ন ফল আশা করতে পারি না, যেখানে আমাদের চারপাশের ক্রিকেট বিশ্ব খুব দ্রুত বদলাচ্ছে। আমরা এর সঙ্গে মানিয়ে নিতে পারিনি, আর এতে আমরা অপ্রাসঙ্গিক হয়ে পড়ার ঝুঁকিতে আছি।”

