চাটমোহরে স্বামী-স্ত্রীকে বেঁধে গভীর নলকূপের ৩ ট্রান্সফরমার চুরি

0
চাটমোহরে স্বামী-স্ত্রীকে বেঁধে গভীর নলকূপের ৩ ট্রান্সফরমার চুরি

​পাবনার চাটমোহরে রাতের আঁধারে এক দম্পতিকে মারধর ও হাত-পা বেঁধে রেখে একটি ইরি-বোরো সেচ প্রকল্পের গভীর নলকূপের তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। রবিবার (৫ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার চলনবিল অধ্যূষিত সাইকোলা ইউনিয়নের বোয়ালমারী গ্রামের বিলে এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।

​স্থানীয়রা ও পুলিশ জানায়, বোয়ালমারী বিলের ওই গভীর নলকূপটির রক্ষণাবেক্ষণ ও পাহারার দায়িত্বে ছিলেন পাশের ধানকুনিয়া গ্রামের আনিস হোসেন। দীর্ঘদিন ধরে তিনি স্ত্রীকে নিয়ে রাতের বেলা নলকূপ সংলগ্ন ঘরে অবস্থান করে তা পাহারা দিয়ে আসছিলেন। রবিবার দিবাগত রাতে ১০-১৫ জনের একদল সশস্ত্র দুর্বৃত্ত দেশীয় অস্ত্রসহ ওই ঘরে হানা দেয়। তারা ঘুমন্ত অবস্থায় আনিস ও তার স্ত্রীকে ধরে ফেলে এবং বেধড়ক মারপিট করে। একপর্যায়ে দড়ি দিয়ে তাদের হাত-পা বেঁধে এবং মুখে স্কচটেপ লাগিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে জিম্মি করে।

ওই ​দম্পতিকে জিম্মি করার পর সংঘবদ্ধ চক্রটি গভীর নলকূপের বৈদ্যুতিক খুঁটি থেকে তিনটি ট্রান্সফরমার খুলে নিয়ে যায়। সোমবার সকালে স্থানীয় কৃষকরা বিলে কাজ করতে গিয়ে ওই ঘর থেকে গোঙানির শব্দ শুনতে পান। পরে আহত অবস্থায় দম্পতিকে উদ্ধার করে দ্রুত তাদের চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

​খবর পেয়ে চাটমোহর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, সকালে খবর পাওয়ার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ভুক্তভোগীদের সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা চলছে। তদন্ত সাপেক্ষে এই চক্রটিকে চিহ্নিত করে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

চলতি ইরি ​বোরো মৌসুমের এই ভরা সময়ে সেচ পাম্পের ট্রান্সফরমার চুরির ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। দ্রুত ট্রান্সফরমারগুলো উদ্ধার ও জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্থ ও এলাকাবাসী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here