চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মালিকানা দ্বন্দ্বে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা পেট্রলপাম্প চালুর দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ সোমবার সকাল ১০টার দিকে নাচোল বাসস্ট্যান্ডে নাচোল মানবিক উন্নয়ন সোসাইটি (এনমাস) ও নাচোল উন্নয়ন ফোরামের যৌথ আয়োজনে এ মানববন্ধন করা হয়।
ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন আমানুল্লাহ আল মাসুদ, শাকিল রেজা, নুর কামাল, তন্ময় আহম্মেদ, বাবুল আখতার প্রমুখ।
উল্লেখ্য, নাচোলের প্রাণকেন্দ্রের দক্ষিণ সাঁকো পায়ায় অবস্থিত মেসার্স সুইটি ফিলিং স্টেশনটি মালিকদের পারিবারিক দ্বন্দ্বের জের ধরে দীর্ঘদিন থেকে বন্ধ রয়েছে। ফলে জ্বালানিসংকটে চরম ভোগান্তিতে পড়েছেন নাচোলের মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চালক ও মালিকরা।
বক্তারা অবিলম্বে বন্ধ পেট্রলপাম্পটি চালুর দাবি জানান এবং মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

