চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ধানক্ষেত থেকে শরিফা খাতুন নামে ৫ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার বিকালে গোমস্তাপুর উপজেলার মকরমপুর-নাদেরাবাদ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় দুলাভাই মো. অন্তরকে গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি গোমস্তাপুর উপজেলার লালপুরে।
গোমস্তাপুর থানার ওসি মো. নূরে আলম জানান, শরিফা খাতুন আলীনগর ইউনিয়নের মকরমপুরের শহীদুল ইসলামের মেয়ে। গত শুক্রবার (৩ এপ্রিল) বিকালে শরিফা বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে গতকাল শনিবার গোমস্তাপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার নানা আব্দুল করিম।
এ ঘটনার তদন্তে নেমে পুলিশ সন্দেহভাজন হিসেবে শরিফার দুলাভাই মো. অন্তরকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে তার দেখানো একটি ধানক্ষেত থেকে শরিফার মরদেহ উদ্ধার করা হয়।
ওসি আরও বলেন, অন্তরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ধারণা করা হচ্ছে, শ্বশুরের সম্পত্তির ভাগ বেশি পেতে শ্যালিকা শরিফাকে হত্যা করেছে সে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। অন্তরকে গ্রেফতার দেখানো হয়েছে।

