চাঁপাইনবাবগঞ্জের ফিলিং স্টেশনগুলোতে অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু হয়েছে। আজ সকাল থেকে স্থানীয় প্রশাসন এ উদ্যোগ গ্রহণ করেছে। এতে চালকরা সন্তুষ্ট বলে মনে করছে প্রশাসন।
বুধবার সকাল থেকে শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলার বিভিন্ন পাম্পে অ্যাপের মাধ্যমে তেল বিক্রি শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তারা।
তবে সদর উপজেলায় বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে অ্যাপের মাধ্যমে তেল বিক্রির উদ্বোধন করবেন জেলা প্রশাসক—এ তথ্য জানিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন।
অ্যাপটির নিয়ম অনুযায়ী, বৈধ নাম্বার প্লেট ও লাইসেন্সধারী মোটরসাইকেল চালকরা যেকোনো ফিলিং স্টেশনে তেল কিনতে গেলে তাদের বাইকের নাম্বার এন্ট্রি করতে হবে। এরপর নির্ধারিত পরিমাণ তেল দেওয়া হবে। একজন চালক একবার কোনো ফিলিং স্টেশন থেকে তেল নিলে তার নাম্বারটি ৫ দিনের জন্য অ্যাপে ব্লক হয়ে যাবে। এ সময়ের মধ্যে অন্য কোনো ফিলিং স্টেশন থেকেও তিনি তেল নিতে পারবেন না। ৫ দিন পর স্বয়ংক্রিয়ভাবে নাম্বারটি পুনরায় সক্রিয় হবে।
প্রশাসনের মতে, এ উদ্যোগের ফলে জ্বালানি তেল নিয়ে ভোগান্তি কমবে।

