চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ এবং চিটাগং ইউনিভার্সিটি বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (CBMA)-এর উদ্যোগে বিভাগের গৌরবময় রজত জয়ন্তী উৎসব-২০২৬ বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। শুক্রবার ‘স্মৃতির পাতায় প্রাণের স্পন্দন, পঁচিশের গৌরবে বায়োকেমিস্টদের মেলবন্ধন’ প্রতিপাদ্য এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী উৎসবের সূচনা হয় বর্ণাঢ্য র্যালির মাধ্যমে। বেলুন উড়িয়ে রজত জয়ন্তী উৎসব-২০২৬-এর উদ্বোধন করা হয়। ২৫ বছর পূর্তি উপলক্ষে কেক কাটা হয়। পরে বিভাগের ২৫ বছরের বিভিন্ন অর্জনের প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
রজত জয়ন্তী উৎসবে আমন্ত্রিত অতিথিরা বিভাগের শিক্ষা, গবেষণা এবং জাতীয় পর্যায়ে অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। বর্ণাঢ্য এ আয়োজনে বিভাগের বর্তমান ও প্রাক্তন স্নাতক, স্নাতকোত্তরের শিক্ষার্থী, শিক্ষক-গবেষক, কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আল ফোরকান। তিনি বক্তব্যে অ্যালামনাইদের গুরুত্ব তুলে ধরেন এবং বিশ্ববিদ্যালয় ও বিভাগের শিক্ষা, গবেষণা এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজে সক্রিয়ভাবে অবদান রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন এবং রজত জয়ন্তী উৎসব-২০২৬ উদযাপন কমিটির সদস্য সচিব আবু ছৈয়দ মোহাম্মাদ মুজিব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সভাপতি, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এবং রজত জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. কাঞ্চন চাকমা।
বক্তারা বিভাগের ২৫ বছরের গৌরবময় অর্জন স্মরণ করে ভবিষ্যতে আন্তর্জাতিক মানের গবেষণা ও শিক্ষার ক্ষেত্রে আরও অগ্রগতির প্রত্যাশা ব্যক্ত করেন। অন্যান্য আয়োজনের মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, স্মৃতিচারণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রীতি সম্মিলনী।

